লালপুর (নাটোর) প্রতিনিধি :
নাটোরের লালপুরে তিলকপুর বালুরঘাট এলাকায় শনিবার (৩০ আগস্ট) দুপুরে ফুটবল খেলার সময় পদ্মা নদীর পানিতে ডুবে আকাশ আলী (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।
নিহত আকাশ আলী তিলকপুর গ্রামের শাহিনের আলমের ছেলে ও লালপুর পাইলট স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির ছাত্র । স্থানীয় ইউপি সদস্য মোঃ রজব আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের মতে, আকাশ এবং তার বন্ধুরা নদীর তীরে ফুটবল খেলছিল। খেলাধুলার সময় বল নদীতে পড়ে গেলে তা তুলতে গিয়ে আকাশ পানিতে ডুবে যায়।
এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন লালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মনজুর রহমান।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রফিকুল ইসলাম জানিয়েছেন, এই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে ও লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।









