লালপুর প্রতিনিধি:
নাটোরের লালপুরে ৩টি শিক্ষা প্রতিষ্ঠানের দেয়ালে জুলাইয়ের গণঅভ্যুত্থানের ক্যালিওগ্রাফির ওপর জয় বাংলা স্লোগান লিখেছে দুর্বৃত্তরা। বুধবার (২৯ জানুয়ারি) দিবাগত রাতে কোন এক সময় এসব স্লোগান লেখা হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে লালপুর ডিগ্রী কলেজ, লালপুর শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয় ও বালিতিতা আদর্শ উচ্চ বিদ্যালয়ের দেয়ালে জুলাই অভ্যুত্থানে আঁকা বিভিন্ন ক্যালিওগ্রাফি ও স্লোগানের ওপর জয় বাংলা লিখা দেখতে পান তারা।

গণঅভ্যর্থনের ক্যালিগ্রাফির উপর এসব লেখায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জামায়াত ও বিএনপি’র নেতাকর্মী ও স্থানীয়রা।

এ বিষয়ে লালপুর উপজেলা শাখার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সদস্য ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র আব্দুল্লাহ আল বাকি বলেন, জয় বাংলা স্লোগান দিয়ে তারা দেশকে ভারতের হাতে তুলে দিয়েছিল। জুলাই অভ্যুত্থানে নিহত দেড় হাজার ছাত্র জনতার রক্তের দাগ এখনো শুকায় নাই। এর মধ্যেই ১৭ বছরের অপশাসন ও অন্যায়-অত্যাচারকে পাশ কাটিয়ে আওয়ামীলীগ আবার মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে। এবার তাদেরকে দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে।
লালপুর উপজেলা বিএনপির সদস্য সচিব হারুনার রশিদ পাপ্পু নিন্দা জানিয়ে বলেন, যারাই এ কাজগুলো করুক না কেন কাজটি ঠিক করেনি। আলোচনা করে দলীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
এ বিষয়ে উপজেলা জামায়াতের সেক্রেটারি এডভোকেট মাসুদ রানা এমন গর্হিত কাজের প্রতিবাদ জানিয়ে বলেন, বিগত সময়ে বিভিন্ন অন্যায় কুকীর্তি করায় তারা প্রকাশ্যে না এসে উষ্কানি দিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। এ বিষয়ে তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।









