নাটোর

লালপুরে ছিনতাইয়ের কবলে সবজি ব্যবসায়ী 

নিউজ ডেস্ক৫ ডিসেম্বর ২০২৫১ মিনিট পড়া

লালপুর (নাটোর) প্রতিনিধি :

নাটোরের লালপুরে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন সবজি ব্যবসায়ী আব্দুল মান্নান। সারাদিনের কষ্টার্জিত সবজি বিক্রির টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার (৩ ডিসেম্বর) রাত ১০টার দিকে লালপুর-বাঘা সড়কের নছিরার বিল নামক স্থানে এই ঘটনা ঘটে। সবজি ব্যাবসায়ী আব্দুল মান্নান লালপুর উপজেলার দুড়দুড়ীয়া ইউনিয়নের রাধাকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার  আব্দুল মান্নান নামের সবজি ব্যবসায়ী প্রতিদিনের ন্যায় ভ্যানে করে লালপুরের পার্শ্ববর্তী  ঈশ্বরদী এলাকায় সারাদিন সবজি বিক্রির ৬ হাজার টাকা নিয়ে উপজেলার রাধাকৃষ্ণপুর গ্রামের নিজ বাড়িতে ফিরছিলেন। লালপুর – বাঘা আঞ্চলিক মহাসড়কের নছিরার বিল নামক স্থানে পৌছলে রাত ১০টার দিকে মোটরসাইকেলে করে আসা ২জন দুর্বৃত্ত তার পথ রোধ করে। এ সময় তারা সবজি ব্যবসায়ী মান্নানের হাতে ছুরিকাঘাত করে তার কাছে থাকা প্রায় ৬ হাজার টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।

এব্যাপারে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, ঘটনাটি শুনেছি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।