নাটোর

লালপুরে গোখরার ছোবলে কৃষকের মৃত্যু

নিউজ ডেস্ক২৫ সেপ্টেম্বর ২০২৫১ মিনিট পড়া

লালপুর (নাটোর) প্রতিনিধি :

নাটোরের লালপুরে গোখরার সাপের ছোবলে মিঠন চন্দ্র প্রামাণিক (৩০) নামের এক কৃষক মারা গেছেন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার আড়বাব ইউনিয়নের হাসিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৬টার দিকে গরুকে খাওয়ানোর জন্য খড়ের পালা থেকে ধানের বিচালি (আউড়) বের করছিলেন মিঠন।

এ সময় বিষধর গোখরা সাপ তাঁর হাতে ছোবল দেয়। পরে স্বজনেরা দ্রুত উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করেন। তবে সেখানে পৌঁছানোর আগেই তিনি মারা যান।

লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মো. খোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত মিঠুন ওই গ্রামের সত্যেন চন্দ্র প্রামাণিকের ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন।

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে হাসিমপুর সার্বজনীন মহাশ্মশানে মিঠুনের মরদেহ দাহ করা হয়। পরে স্থানীয়রা খড়ের পালা ভেঙে বিষধর গোখরাটিকে হত্যা করে।