সিল্কসিটিনিউজ ডেস্ক:
মোহাম্মদ আজহারউদ্দিন, সেলিম মালিক, হ্যান্সি ক্রোনিয়ে মোহাম্মদ আশরাফুল ক্রিকেটে বিশ্বে অসম্ভব প্রতিভাধর কয়েকটি নাম। দুর্দান্ত পারফরম্যান্সে দেশ ও দলের জন্য একাধিকার জয় ছিনিয়ে এনেছেন তাঁরা। অর্থের বিনিময়ে দেশের সঙ্গে প্রতারণা করার কারণে বর্তমানে বেশ ঘৃণা ও অবজ্ঞার সঙ্গে স্মরণ করা হয় বিশ্বসেরা এই তারকাদের। এই তালিকায় সর্বশেষ সংস্করণ হচ্ছেন মোহাম্মদ আসিফ, মোহাম্মদ আমির ও সালমান বাট।

বিশ্ব ক্রিকেটের এক অভিশাপের নাম ‘ম্যাচ ফিক্সিং’। শব্দটি ক্রিকেটকে কলঙ্কিত করেছে বারবার আর নষ্ট করেছে বহু প্রতিভাবান ক্রিকেটারদের ক্যারিয়ার। অনেকে পেরেছেন নতুন করে শুরু করার সুযোগ, অনেকে আবার কলঙ্কের দাগ নিয়েই চলে গেছেন লোকচক্ষুর আড়ালে। আজ ক্রিকেটের ইতিহাসে এমনই এক অভিশপ্ত দিন।
২০১০ সালের ২৬ আগস্ট। ঐতিহাসিক লর্ডসে চলছে পাকিস্তান-ইংল্যান্ডের চতুর্থ টেস্টের প্রথম ইনিংস। টসে জিতে পাকিস্তান অধিনায়ক সালমান বাটের বোলিংয়ের সিদ্ধান্ত। আর ঘটনার শুরু তৃতীয় ওভারের প্রথম বলেই। মোহাম্মদ আমিরের অবিশ্বাস্য এক নো বল। চমকে উঠে ধারাভাষ্যকার বললেন, ‘ও.. ইটস এ বিগ নো বল’। এরপর আবার দশম ওভারের শেষ বল। এইবার মোহাম্মাদ আসিফের নো বল ডেলিভারি। কলঙ্কিত ওই টেস্টে ইংল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয় ৪৪৬ রানে। আর পাকিস্তান সেই টেস্ট ম্যাচ ইনিংস ও ২২৫ রানে হেরে যায়।
এর পরই শুরু হয় তদন্ত আর তর্ক-বিতর্ক-সমালোচনা। সামনে চলে আসে ম্যাচ ফিক্সিংয়ের ভিডিওসহ তথ্য-প্রমাণ। আইসিসি ট্রাইব্যুনালে হয় শুনানি। আর সেই ঐতিহাসিক রায়ের দিনটি ছিল ২০১১ সালের ৬ ফেব্রুয়ারি। আর সেদিনেই ম্যাচ ফিক্সিংয়ের দায়ে ক্রিকেট থেকে ছিটকে পড়েন পাকিস্তানের সে সময়ের অধিনায়ক সালমান বাট, পেস বোলার মোহাম্মাদ আসিফ ও মোহাম্মাদ আমির।
কাতারের রাজধানী দোহায় ৯ ঘণ্টা শুনানির পর রায় ঘোষণা করেন আইসিসির তিন সদস্যের ট্রাইব্যুনাল। বাটকে ১০ বছর, আসিফ ৭ এবং আমিরকে ৫ বছরের জন্য নিষিদ্ধ করেন তাঁরা। তবে অধিনায়ক বাটের ১০ বছর শাস্তির মধ্যে পাঁচ বছর স্থগিত নিষেধাজ্ঞা। অর্থাৎ প্রথম পাঁচ বছরের মধ্যে এ ধরনের অন্যায় না করলে শেষ পাঁচ বছরের সাজা থেকে মুক্তি পেতে পারেন বাট। আসিফের সাত বছরের মধ্যে স্থগিত নিষেধাজ্ঞা দুই বছরের। আর আমিরকে পাঁচ বছরের শাস্তিতে কোনো স্থগিত নিষেধাজ্ঞা সুবিধা দেওয়া হয়নি।
১৮ বছর বয়সেই এমন কেলেঙ্কারির পর আমির অবশ্য বিশ্ব ক্রিকেটে ফিরে এসেছেন তাঁর স্বরূপেই। ক্রিকেট জীবনের শুরুতে প্রতিভাবান এই বোলারের আগমন অনেকটা ধুমকেতুর মতো ছিল। ২০০৯ শ্রীলংকার বিপক্ষে অভিষেক টেস্টেই ১১২ রানে ৬ উইকেট নিয়ে তিনি সতর্ক করে দিয়েছিলেন ক্রিকেটের ব্যাটিং হিরোদের। এরপর ফর্মের তুঙ্গে থাকা অপ্রতিরুদ্ধ আমিরকে থামিয়ে দেয় ‘লর্ডস কেলেঙ্কারি’। পাঁচ বছর নিষিদ্ধ থাকার পর ২০১৬ সালে আমির আবার ফিরে আসেন সেই ইংল্যান্ড আর লর্ডসের মধ্য দিয়েই। প্রত্যাবর্তনের পরও ধার যে খুব একটা কমেনি তা স্পষ্ট করেই বুঝিয়ে দিয়েছিলেন আমির। বিপিএল, পিএসএল, কিংবা পাকিস্তানের নিউজিল্যান্ড সফরই তার বড় উদাহরণ।
এখন পর্যন্ত আমির তাঁর ক্রিকেটীয় ক্যারিয়ারে ২৫টি টেস্ট ম্যাচে উইকেট পেয়েছেন ৮১টি। এক ইনিংসে ৮৪ রানে ৬ উইকেট নেওয়ার পাশাপাশি তিন বার চার উইকেট ও তিন বার পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড আছে তাঁর। একদিনের আর্ন্তজাতিক ম্যাচেও দুর্দান্ত এই পাকিস্তানি পেসার। ২৯ ম্যাচে নিয়েছেন ৪৫ উইকেট। সঙ্গে আছে ২৮ রানে চার উইকেট নেওয়ার মতো রেকর্ড। এ ছাড়া ব্যাট হাতেও আছে অপরাজিত ৭৩ রানসহ দুটি হাফ সেঞ্চুরি। ফিক্সিং অভিশাপে পাঁচ বছর না কাটালে হয়তো আজ বিশ্ব সেরা বোলারদের তালিকার প্রথমেই থাকতেন তিনি।
তবে বিশ্ব ক্রিকেটের কেলেঙ্কারিতে পাকিস্তানের তালিকাটা কিন্তু আগে থেকেই বেশ লম্বা। সেলিম মালিক, আতাউর রেহমানের উত্তরসুরি হিসেবেই বাট, আসিফ কিংবা আমিরের আবির্ভাব। আর এঁদের মধ্যে আসিফ তো আরো এক ধাপ এগিয়ে। ডোপ টেস্টে ধরা পড়ে এর আগেও একবার নিষিদ্ধ হয়েছিলেন তিনি।
তবে দিনশেষে সত্য এটাই, আমির ক্রিকেট মাঠে নিজেকে ফিরে পেলেও ‘লর্ডস টেস্ট’ ফিক্সিংয়ের রায় অনেকটাই ইতি টেনে দিয়েছে সালমান বাট ও মোহাম্মাদ আসিফের ক্রিকেট জীবনের।
সূত্র: এনটিভি










