অর্থ ও বাণিজ্য

লক্ষ্য এখন ব্লু-চিপ কম্পানি বাজারে আনা : ডিএসই চেয়ারম্যান

নিউজ ডেস্ক১৩ আগস্ট ২০২৫২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান মোমিনুল ইসলাম বলেছেন, দেশের পুঁজিবাজার বর্তমানে একটি পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। সাম্প্রতিক বাজেটে পুঁজিবাজারের জন্য বেশ কিছু প্রণোদনা ঘোষণা করা হয়েছে। তবে গত কয়েক মাসে নতুন কোনো আইপিও বাজারে আসেনি, যার ফলে অর্থের সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে—এটি বাজারের জন্য একটি বড় চ্যালেঞ্জ।

তিনি বলেন, ‘অতীতে নিয়ন্ত্রক সংস্থার কিছু অপ্রয়োজনীয় হস্তক্ষেপ বাজারে বাধা সৃষ্টি করেছিল।

তবে এখন আমাদের লক্ষ্য হচ্ছে আরো বেশি ব্লু-চিপ কম্পানিকে তালিকাভুক্ত করা। গত চার বছরে শীর্ষ ২০টি তালিকাভুক্ত কম্পানি ধারাবাহিক প্রবৃদ্ধি দেখিয়েছে। তিনি আরও বলেন, ‘এখানে দামের বিষয়টি মুখ্য নয়—সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো টেকসই উন্নয়ন।’

বুধবার (১৩ আগস্ট) রাজধানীর শেরাটন হোটেলে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড আয়োজিত সামিটের বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রথমার্ধের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও ক্যাপিটাল মার্কেট ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ড. আনিসুজ্জামান চৌধুরী।

তিনি বলেন, ‘বাংলাদেশের পুঁজিবাজার বিনিয়োগকারীদের জন্য একটি উদীয়মান ক্ষেত্র, যেখানে টেকসই প্রবৃদ্ধির অসীম সুযোগ রয়েছে।’

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা আহসানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কমিশনার মোহাম্মদ মহসিন চৌধুরী, ব্র্যাক ব্যাংক পিএলসির চেয়ারপারসন মেহেরিয়ার এম হাসান ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসির চেয়ারম্যান এ কে এম হাবিবুর রহমানসহ আরও অনেকে।

এ সম্মেলনে দেশি-বিদেশি বিনিয়োগকারী, নীতি-নির্ধারক ও বাজার বিশেষজ্ঞরা বাংলাদেশের পুঁজিবাজারের বর্তমান অবস্থা, সম্ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।