সদ্য প্রকাশিত
খেলা

রেফারি কেনার অভিযোগে বার্সার ওপর নতুন চাপ রিয়ালের

নিউজ ডেস্ক২ অক্টোবর ২০২৬২ মিনিট পড়া
রেফারি কেনার অভিযোগে বার্সার ওপর নতুন চাপ রিয়ালের

সিল্কসিটিনিউজ ডেস্ক:

স্প্যানিশ ফুটবলের বহুল আলোচিত ‘নেগ্রেইরা বিতর্ক’ নিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার ওপর নতুন করে চাপ সৃষ্টি করল রিয়াল মাদ্রিদ। এই কাণ্ডে রিয়ালের পাঠানো বিপুল পরিমাণ তথ্য-প্রমাণ ও নথি আনুষ্ঠানিকভাবে পাওয়ার কথা নিশ্চিত করেছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা।

সংস্থাটি জানিয়েছে, বার্সেলোনাকে ঘিরে চলমান শৃঙ্খলামূলক তদন্তের অংশ হিসেবেই এসব নতুন নথি খতিয়ে দেখা হবে।
স্প্যানিশ ক্রীড়া দৈনিক এএস-এর প্রতিবেদন অনুযায়ী, রিয়াল মাদ্রিদ উয়েফার কাছে প্রায় ৫০ হাজার পৃষ্ঠার নথিপত্র, সাক্ষ্য ও আনুষঙ্গিক প্রমাণ পাঠিয়েছে। ২০০১ থেকে ২০১৮ সাল পর্যন্ত স্প্যানিশ রেফারিদের টেকনিক্যাল কমিটির সাবেক সহসভাপতি হোসে মারিয়া এনরিকেস নেগ্রেইরা ও তার সংস্থাকে বার্সেলোনার দেওয়া ৭ মিলিয়ন ইউরোর বেশি অর্থের প্রকৃত উদ্দেশ্য ও প্রভাব পরীক্ষা করাই রিয়ালের প্রধান লক্ষ্য।

উয়েফা এক বিবৃতিতে জানিয়েছে, রিয়াল মাদ্রিদের কাছ থেকে তদন্ত সম্পর্কিত উল্লেখযোগ্য পরিমাণ নথি তারা হাতে পেয়েছে এবং সেগুলো বিবেচনা করা হচ্ছে।

এরপরই রিয়াল এক বিবৃতিতে তদন্ত প্রক্রিয়া দ্রুত শেষ করার তাগিদ দিয়ে দাবি করে, নথিতে এমন সব বিস্ফোরক তথ্য রয়েছে যা ফুটবলের স্বচ্ছতা ও রেফারিং ব্যবস্থার বিশ্বাসের সাথে সরাসরি সম্পর্কিত।
তবে বিষয়টিকে ‘তদন্ত পুনরায় চালু হওয়া’ হিসেবে মানতে নারাজ বার্সেলোনা। কাতালান ক্লাবটির সাফ বক্তব্য, ২০২৩ সালে যে তদন্ত শুরু হয়েছিল, তা কখনোই বন্ধ হয়নি। ফলে এটি কোনো নতুন মামলা নয়, রিয়ালের পাঠানো নথিগুলো শুধুই চলমান প্রক্রিয়ার অংশ।

বার্সার দাবি, অর্থ দেওয়া হয়েছিল রেফারিদের গতিবিধি ও কারিগরি পরামর্শ সংক্রান্ত সুবিধার জন্য, কোনো অনৈতিক সুবিধার জন্য নয়। তাছাড়া উয়েফার তদন্তকারীরাও এখনো পর্যন্ত বার্সার কাছে নতুন কোনো ব্যাখ্যা চাননি।
২০০১ থেকে ২০১৮ সালের মধ্যে নেগ্রেইরাকে দেওয়া এই বিপুল অর্থের পেছনে রেফারিং ব্যবস্থায় প্রভাব বিস্তারের চেষ্টা ছিল কি-না তা নিয়ে স্পেনের আদালতে ইতোমধ্যে ফৌজদারি তদন্ত চলছে। এর মধ্যেই ২০২৩ সালে উয়েফা পৃথক তদন্ত শুরু করে। সে সময় বার্সাকে সাময়িকভাবে চ্যাম্পিয়নস লিগে খেলার অনুমতি দেওয়া হলেও ভবিষ্যতে চূড়ান্ত সিদ্ধান্তের অধিকার নিজেদের কাছে রেখেছিল ইউরোপীয় ফুটবলের অভিভাবক সংস্থাটি।