সদ্য প্রকাশিত
অন্যান্য

রূপগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষ, ৪ যুবক গুলিবিদ্ধ

নিউজ ডেস্ক১২ এপ্রিল ২০২৩২ মিনিট পড়া
রূপগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষ, ৪ যুবক গুলিবিদ্ধ

সিল্কসিটি নিউজ ডেস্ক:

নারায়ণগঞ্জ চনপাড়ায় দুই গ্রুপের সংঘর্ষে মিল শ্রমিক ও এক স্থানীয় বাসিন্দা গুলিবিদ্ধ হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়েছে। বুধবার (১২ এপ্রিল) সকাল ৮টার দিকে এই সংঘর্ষ শুরু হয়। থেমে থেমে সংঘর্ষ চলে সারাদিন।

গুলিবিদ্ধ চারজন হলেন মো. সানি (১৭), পারভেজ (২১), মো. রুমান (১৮) এবং ইমন (২২)।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, চানপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকার নিয়ন্ত্রণ এক সময় স্থানীয় ইউপি সদস্য বজলুর রহমান বজলুর হাতে ছিল। বজলু মারা যাওয়ার পর এ এলাকার আধিপত্য নিজেদের দখলে নিতে জয়নাল গ্রুপ, শমসের গ্রুপ ও শাহাবুদ্দিন গ্রুপ তৎপর হয়ে ওঠে। এ নিয়ে বিভিন্ন সময় অস্ত্রের মহড়া দেয় গ্রুপ তিনটি।

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বুধবার সকালে জয়নাল গ্রুপের সঙ্গে শমসের ও শাহাবুদ্দিন গ্রুপের সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে পথচারীসহ উভয়পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন। তাদের মধ্যে চারজন গুলিবিদ্ধ হয়েছেন।

এরমধ্যে ইমনকে প্রথমে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তবে অবস্থা গুরুতর দেখে তাকেও ঢামেকে পাঠানো হয়েছে। এ বিষয়ে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) নাজমুল আলম বলেন, ইমনকে কিছুক্ষণ আগে আনা হয়। তিনি গুলিবিদ্ধ হওয়ার কারণে অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছে। তাই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে, ঢামেকে চিকিৎসাধীন আহতরা জানান, তারা চনপাড়ায় থাকেন। সকালে স্থানীয় কয়েকটি গ্রুপের মধ্যে সংঘর্ষের সময় তারা ওই এলাকা দিয়ে কাজে যাওয়ার সময় গুলিবিদ্ধ হন। সংঘর্ষের কারণ সম্পর্কে তারা কিছুই জানেন না।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মোহাম্মদ আলাউদ্দিন বলেন, সম্রাট ও রুমানের পায়ে গুলিবিদ্ধ হয়েছে। আর সানির গোপনাঙ্গের পাশে গুলির চিহ্ন দেখা গেছে। তার অবস্থা আশঙ্কাজনক।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ জানান, খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। সূত্র: কালের কণ্ঠ