খেলা

রাশিয়ার এক তৃতীয়াংশ অ্যাথলেট অলিম্পিকে নিষিদ্ধ

নিউজ ডেস্ক৫ আগস্ট ২০১৬২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

রাশিয়াকে নিয়ে দড়ি টানাটানি চলছেই। ডোপিং কেলেঙ্কারিতে অলিম্পিকে এসেছে বড় একটি প্রতিযোগী দলকে দেশে রেখে। এবার আন্তর্জাতিক অলিম্পিক কমিটি নিশ্চিত করলো যে ২০১৬ রিও অলিম্পিকে রাশিয়ার ১১৮ অ্যাথলেট বা দলের এক তৃতীয়াংশ অ্যাথলেট নিষিদ্ধ।

তারা অংশ নিতে পারবেন না, কারণ ডোপিং। নিষেধাজ্ঞার বিরুদ্ধে অসেক আপিল ঝুলে ছিল। এবার এই সিদ্ধান্তের পর গেমস শুরু হলেও আপিল করা হবে বোঝা যায়।

বৃহস্পতিবার ডোপ বিষয়ক চূড়ান্ত সিদ্ধান্ত জানায় আইওসি। তাতে রাশিয়ারই জয় হয়েছে এক অর্থে। শুক্রবারের অলিম্পিক উদ্বোধনী অনুষ্ঠানে তাদের ২৭১ জন অ্যাথলেট মার্চ পাস্ট করবেন। রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ, তাদের অ্যাথলেটরা রাষ্ট্রীয় সহায়তায় ডোপ নেয়। বিশ্ব অ্যান্টি ডোপিং সংস্থার সাথে এই নিয়ে রাশিয়া কয়েক মাস ধরে বিবাদে জড়িয়ে।

আন্তর্জাতিক ক্রীড়ার কিছু সংগঠন রাশিয়া দলকেই অলিম্পিকে নিষিদ্ধ করার দাবি তুলেছিল। শাস্তি চেয়েছিল গোটা দলের। কিন্তু তা হয়নি। তাদের ট্র্যাক অ্যান্ড ফিল্ড বা অ্যাথলেটিক্স দল, রোয়িং ও ভারোত্তোলক দল অলিম্পিকে আসতে পারেনি নিষেধাজ্ঞার জন্য। রাশিয়ার অলিম্পিক দল সবসময় বড় হয়।

কিন্তু ডোপিং নিষেধাজ্ঞার কারণে ২০১২ লন্ডন অলিম্পিকে পাঠানো দলের অর্ধেকে নেমে এসেছে এবারের দল। সংখ্যায় তা ২৭১ জন। এবারের আসরের ১১তম বৃহত্তম দল। ৫৫৬ অ্যাথলেট নিয়ে মার্কিন দল সবচেয়ে বড়।

 

সূত্র: কালের কণ্ঠ