নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নাট্যকলা বিভাগের শিক্ষক নিয়োগ নিয়ে প্রকাশিত একটি সংবাদের প্রতিবাদ জানিয়েছেন বিভাগের সাবেক শিক্ষার্থী ও নির্মাতা নবাব নাসির।
গত সোমবার (২৯ সেপ্টেম্বর) ‘রাবিতে শিক্ষক নিয়োগে ‘প্রশ্ন ফাঁস’, লেনদেনে সাবেক শিবির নেতার নাম’ শিরোনামে সংবাদটি প্রকাশিত হয়। বৃহস্পতিবার (২ অক্টোবর) নবাব নাসির ই-মেইলে এই সংবাদের প্রতিবাদলিপি পাঠিয়েছেন।

এতে তিনি বলেছেন, ‘সংবাদে আমার নাম- নবাব নাসির এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে জড়িয়ে যে তথ্য প্রকাশ করা হয়েছে, তা সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত। এবং যার বরাত দিয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে সে একজন চিহ্নিত ফ্যাসিবাদের দোসর ও সাবেক ছাত্রলীগকর্মী।’
প্রতিবাদলিপিতে আরও বলা হয়, ‘সংবাদে দাবি করা হয়েছে যে একটি কল রেকর্ড ফাঁসের ঘটনায় আমি এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জড়িত। অথচ, উক্ত কল রেকর্ডে কোথাও ইসলামী শিবিরের নাম উচ্চারিত হয়নি এবং আমার সাথে এ ঘটনার কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ সংশ্লিষ্টতারও কোনো প্রমাণ সংবাদে উপস্থাপন করা হয়নি। এবং কল রেকর্ডটির সত্যতা যাচাই করার কোন তথ্যও সাংবাদে উপস্থাপন করা হয়নি, এছাড়া কোনো ধরনের আর্থিক লেনদেন বা ডকুমেন্টও সংবাদে উপস্থাপিত হয়নি।’
ভবিষ্যতে এ ধরনের সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার অনুরোধ জানিয়ে নবাব নাসির বলেছেন, ‘এমন ভিত্তিহীন সংবাদ প্রকাশের মাধ্যমে আমাকে এবং আমার সংগঠনকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করা হয়েছে এবং অযথা হয়রানি ও মানহানির শিকার করা হয়েছে। আমি দৃঢভাবে জানাচ্ছি যে, প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ অসত্য ও বানোয়াট।’
প্রতিবেদকের বক্তব্য
প্রকাশিত সংবাদটির কোথাও বলা হয়নি যে এই ঘটনার সঙ্গে ইসলামী ছাত্রশিবির কোনোভাবে জড়িত। তবে নবাব নাসির ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতা, এই কথা বলা হয়েছে।
সংবাদটি ভুক্তভোগীর বক্তব্য, তাঁর লিখিত অভিযোগ, লিগ্যাল নোটিশ ও একটি ফোনকল রেকর্ডের ভিত্তিতে করা হয়েছে। এই ক্ষেত্রে উত্তরভূমির কোনো নিজস্ব বক্তব্য নেই। বরং, প্রকাশিত সংবাদটিতে আগেই নবাব নাসিরের বক্তব্য গুরুত্ব সহকারে প্রচার করা হয়েছে।









