নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক তানভীর আহমদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছেন বিশ্ববিদ্যালয়ের সাবেক এক ছাত্রী। বিশ্ববিদ্যালয় উপাচার্যের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ওই ছাত্রী।
অধ্যাপক তানভীর আহমদ একই বিভাগের সহযোগী অধ্যাপক আকতার জাহান জলির সাবেক স্বামী।

শিক্ষক জলির ওপর শারীরিক-মানসিক নির্যাতন, ‘আত্মহত্যা’র প্ররোচনা, ছেলের গলায় ছুরি ধরা, বিভাগের সহকর্মীদের সাথে দুর্ব্যবহারের অভিযোগের পর এবার যৌন হয়রানির অভিযোগ করলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক এক ছাত্রী।
ওই ছাত্রী জানান, বিয়ের প্রলোভন দেখিয়ে তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলেছিলেন তানভীর আহমদ। এরপর অন্তরঙ্গ মূহুর্তের ভিডিও ধারণ করে দিনের পর দিন ব্ল্যাকমেইল করেছেন তাকে।
জানতে চাইলে শিক্ষক তানভীর আহমদ বলেন, ‘প্রশাসনকে যদি অভিযোগ দিয়ে থাকে ভিসি স্যার আমাকে শোকজ করবে। আমি তখন তার জবাব দেবো।’
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন বলেন, ‘ এ অভিযোগগুলো তদন্ত করার জন্য বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ অভিযোগ কমিটিকে দায়িত্ব দেয়া হয়েছে। তারা বিষয়টি তদন্ত করবে।’
গত ৯ সেপ্টেম্বর বিকেলে বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবন থেকে নিজ কক্ষের দরজা ভেঙে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক আকতার জাহানের (৪৫) মৃতদেহ উদ্ধার করা হয়। শিক্ষক জলি ‘আত্মহত্যা’ করেছেন বলে প্রাথমিকভাবে চিকিৎসকরা জানান। পরদিন তার ছোট ভাই মতিহার থানায় অজ্ঞাতনামা আসামী করে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করেন।
শিক্ষক আকতার জাহানের ‘আত্মহত্যা’র ঘটনায় বিভিন্ন অভিযোগ উঠে আসে তার সাবেক স্বামী তানভীর আহমদের বিরুদ্ধে। এছাড়া ফেসবুকসহ বিভিন্ন গণমাধ্যমে বিভাগের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা তানভীর আহমদের বিরুদ্ধে আকতার জাহানকে মানসিক নির্যাতন ও প্রভাব খাটিয়ে বিভিন্ন ছাত্রীর সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে তোলার অভিযোগ করেন। বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা পৃথকভাবের তার বিরুদ্ধে লিখিতও অভিযোগও দেন বিভাগের সভাপতির কাছে। তানভীর আহমদের বিরুদ্ধে অনাস্থা জানিয়ে তাকে বিভাগের কার্যক্রম থেকে প্রত্যাহারের দাবি জানান শিক্ষক-শিক্ষার্থীরা।
পরে গত ২২ সেপ্টেম্বর তাকে অ্যাকাডেমিক কার্যক্রম থেকে সাময়িক প্রত্যাহার করা হয়। এরপর পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে অনিয়মের অভিযোগে গত ১ অক্টোবর পরীক্ষা কার্যক্রমে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হন শিক্ষক তানভীর।
এদিকে গত ৮ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ অভিযোগ কমিটিকে শিক্ষক আকতার জাহানের ‘আত্মহত্যার’ ঘটনায় অধ্যাপক তানভীর আহমদের বিরুদ্ধে গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন অভিযোগ তদন্তের দায়িত্ব দেওয়া হয়।
স/অ









