রাবি প্রতিনিধি:
মেয়াদ উত্তীর্ণের প্রায় দুই বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সম্মেলন আগামী ৭ ও ৮ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। এটি রাবি ছাত্রলীগের ২৫তম এবং রুয়েটের তৃতীয় সম্মেলন। বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন শাহাজাদা এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে চলতি বছরের ২৩ ও ২৪ জুলাই এই দুই শাখাতে ছাত্রলীগের সম্মেলন হওয়ার কথা জানানো হলেও তা অনুষ্ঠিত হয়নি। তবে এবারে ঘোষিত তারিখে সম্মেলন হওয়ার জোর দাবি জানিয়েছেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন। তিনি বলেন, অতিথি নিয়ে নানা সমস্যা থাকায় এর আগের ঘোষিত তারিখে সেটা করা সম্ভব হয়নি। তবে এবার অবশ্যই সম্মেলন হবে।
প্রসঙ্গত, ২০১৩ সালের ২০ জুলাই মিজানুর রহমান রানাকে সভাপতি ও এসএম তৌহিদ আল হোসেন তুহিনকে সাধারণ সম্পাদক করে রাবি ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়। তবে ২০১৪ সালের ২৮ আগস্ট বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলীকে মারধরের ঘটনায় তুহিনকে সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি দেয়া হয়। ওই পদে যুগ্ম-সাধারণ সম্পাদক পদে থাকা খালিদ হাসান বিপ্লবকে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
এরপর চলতি বছরের ১৬ জানুয়ারি ছাত্রলীগের মেয়াদ উত্তীর্ণ কমিটির সভাপতি মিজানুর রহমান রানাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কার করা হয়। এ সময় ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেয়া হয় সহ-সভাপতি রাশেদুল ইসলাম রাঞ্জুকে। এতে সভাপতি ও সাধারণ সম্পাদক দুটো পদই চলছে ভারপ্রাপ্ত দিয়ে।
অন্যদিকে, ২০১৩ সালের ১২ সেপ্টেম্বর রাইসুল ইসলাম রোজকে সভাপতি এবং তৌহিদুর রহমান হিমেলকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়।
স/আ











