স্বাস্থ্য

রান্না ছাড়াও যেসব কাজে লাগতে পারে মাইক্রোওয়েভ ওভেন

নিউজ ডেস্ক৩০ জুলাই ২০২৫৩ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

আজকাল রান্নাঘরে গুরুত্বপূর্ণ সঙ্গী হয়ে দাঁড়িয়েছে মাইক্রোওয়েভ ওভেন। ব্যস্ত জীবনে তাড়াতাড়ি খাবার রান্না করা বা গরম করার কাজে লাগে এই যন্ত্র। তবে শুধু খাবার বানানো কিংবা গরম করা-ই নয়, রান্নাঘরের বিভিন্ন কাজকে সহজ করে দিতে পারে মাইক্রোওয়েভ ওভেন। নিত্যদিনের এমন অনেক কাজ রয়েছে, যা ওভেনের মাধ্যমে চোখের নিমেষে সেরে ফেলা সম্ভব।

মাইক্রোওয়েভ ওভেনের মাধ্যমে রান্না ছাড়া আর কী কাজে লাগতে পারে, জেনে নিন— 

মুচমুচে মুড়ি

মুড়িতে হালকা বাতাস লাগলে, বা কয়েক দিন পর এমনিতেই নরম হয়ে যায়। এই সমস্যার সমাধান করতে পারে মাইক্রোওভেন ওভেন। নরম হয়ে যাওয়া মুড়ি বা বিস্কুট মাইক্রোওয়েভ ওভেনে ১ মিনিট গরম করে ঠাণ্ডা বাতাসে পাঁচ মিনিট রাখুন। তাজা ও মুচমুচে হয়ে যাবে মুড়ি।

সবজি ভাপানো

যেকোনো ভর্তা বা সবজি রান্না করার জন্য আগে ভাপিয়ে নিতে হয়। ঝটপট সবজি ভাপাতে ব্যবহার করতে পারেন মাইক্রোওয়েভ ওভেন। ঢাকনাযুক্ত কাচের বাটিতে সবজি নিয়ে ওভেনে দিন, ৩-৫ মিনিটে পেয়ে যাবেন পরিপূর্ণ পুষ্টিসমেত ভাপানো সবজি।

আলু রান্না

মাইক্রোওয়েভ ওভেনে সহজেই আলু সিদ্ধ করতে পারেন।

যার জন্য আলু ভালো করে ধুয়ে ওভেনে দিন। দুই মিনিট পর একবার সাবধানে উল্টে দিন এবং আরো দুই মিনিট চালান। আলুর মধ্যে আলতো করে একটি ছুরি দিয়ে সেটি পুরোপুরি রান্না হয়েছে কি না, দেখতে পারেন। 

মসলা গুঁড়া করা

যেকোনো মসলা গুঁড়া করার আগে কাচের প্লেটে মাইক্রোওয়েভ ওভেনে এক মিনিট গরম করে নিন। তারপর ঠাণ্ডা করে গুঁড়া করলে সহজেই মিহি গুঁড়া হবে।

পাঁচফোড়নের সব মসলা এইভাবে সহজে গুঁড়া করে নিতে পারেন। যেকোনো বাদাম ভাজার ক্ষেত্রেও ওভেন ব্যবহার করলে পাবেন তেল ছাড়া স্বাস্থ্যকর বাদাম ভাজা। 

রসুনের খোসা ছাড়ানো

ওভেনের মাধ্যমে সহজেই রসুনের খোসা ছাড়াতে পারেন। ১৫-২০ সেকেন্ডের জন্য পুরো রসুন ওভেনে রাখুন। এটি কোয়াগুলো খোসা থেকে আলগা হতে সাহায্য করবে। রসুনের পেস্টের জন্য দশ মিনিট মাইক্রোওয়েভ করে ঠাণ্ডা করে নিতে পারেন।

পেঁয়াজ কাটা

রান্নার পরিমাণ অনেক বেশি হলে পেঁয়াজও বেশি কাটতে হয়। সেক্ষেত্রে একটি সহজ টোটকা মানলে চোখের পানি না ফেলেই পেঁয়াজ কাটতে পারেন। এর জন্য পেঁয়াজের খোসা ছাড়িয়ে দুই টুকরা করে নিন। এবার ওভেনে ৩০ সেকেন্ড গরম করে নিলেই কাটার সময় চোখ জ্বলবে না।

কাচের বোতলের ঢাকনা খোলা

কোনো কাচের বোতলের মুখ শক্তভাবে আটকে গেলে অনেক সময় খুলতে বেশ কষ্ট হয়। এর জন্য বোতলটিকে ৩০ সেকেন্ড ওভেনে গরম করে নিন। তাহলেই সহজে খুলে আসবে ঢাকনা। কাচের বয়াম বা বোতলের লেবেল সুন্দর করে তুলে ফেলতেও এই টিপস কার্যকর।