সিল্কসিটিনিউজ ডেস্ক: শুক্রবার (২২ জুলাই) বিকেলে রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউট কমপ্লেক্সে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে জাতীয় মৎস্য মেলায় ঘুরতে গিয়ে একটা জটলা দেখে চোখ আটকে গেল। ভিড় ঠেলে একটু ভেতরে গিয়ে দেখা গেল, বেশ বড় একটি কাতলা মাছ। খবর নিয়ে জানা গেলে, মাছটি আনা হয়েছে রাজশাহী থেকে। সেটি দেখতেই এতো মানুষের ভিড়।
গত বুধবার থেকে শুরু হয়েছে মেলা। তবে শুক্রবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং মৎস্য অধিদপ্তার সপ্তাহব্যাপী এ মেলার আয়োজন করেছে।
প্রথম দিনে প্রধান আকর্ষণ রাজশাহী থেকে নিয়ে আসা ওই কাতলা মাছ। ওজন ১২ কেজি।

মেলার হেলাল এন্টারপ্রাইজ নামের স্টলে প্রদর্শন করা হচ্ছে মাছটি। মেলায় এখন পর্যন্ত প্রদর্শনীতে আনা সবচেয়ে বড় মাছ এটি। দাম হাঁকানো হয়েছে সাড়ে ছয় হাজার টাকা। আর কেজি প্রতি নিলে পড়বে ৫৫০ টাকা।
নদী থেকে ধরে আনা এ কাতল মাছটি শতভাগ ফরমালিনমুক্ত বলে দাবি করেছেন হেলাল এন্টারপ্রাইজের বিক্রয় কর্মকর্তা মো. শফিকুল ইসলাম। তিনি বলেন, দুপুর থেকেই মাছটি দেখতে দর্শনার্থীর বেশ ভিড়। এখনো বিক্রি না হলেও স্টলে অন্যান্য মাছ কিনতে ক্রেতাদের আগ্রহ দেখা যাচ্ছে।
মেলায় এর চেয়ে ছোট আকারের আরেকটি কাতল মাছ শোভা পাচ্ছে মের্সাস এ বি এস ফিসের স্টলে। স্টলের বিক্রয় প্রতিনিধি মতিউর রহমান জানান, মাছটি খুলনা থেকে সংগ্রহ করা হয়েছে। ওজন নয় কেজি। আর দাম পড়বে কেজি প্রতি ছয়শ’ টাকা।
প্রথমবারের মতো কোনো মৎস্য মেলায় এসেছেন বেসরকারি চাকরিজীবী আশিকুর রহমান। বললেন, ঢাকায় থাকি। প্রায় প্রতিদিনই মাছ খাওয়া হয় কিংবা দেখাও হয়। তবে বড় মাছ দেখার সুযোগ হয় না। আজ সরাসরি দেখছি। বেশ ভালো লাগছে।
এর আগে বুধবার রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউট কমপ্লেক্সে মৎস্য সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সপ্তাহের এ বছরের প্রতিপাদ্য ‘জল আছে যেখানে, মাছ চাষ সেখানে’।
সূত্র: বাংলামেইল









