রাজশাহী

রাজশাহীতে ১৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিউজ ডেস্ক২৬ জুন ২০২৬১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার কালচিকা এলাকায় অভিযান চালিয়ে ১৮ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫।

র‌্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কালচিকা গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় একটি বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ১৮ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মাজদার আলী নগরের কালচিকা (বালানগর) এলাকার বাসিন্দা (৪৪)।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাজদার আলী দীর্ঘদিন ধরে বিভিন্ন উপায়ে গাঁজা সংগ্রহ করে কালচিকাসহ আশপাশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসার কথা স্বীকার করেছেন। উদ্ধার করা গাঁজাগুলো বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করে রাখা হয়েছিল বলেও তিনি জানিয়েছেন।

র‌্যাব আরও জানায়, মাদকের বিরুদ্ধে তাদের চলমান অভিযান অব্যাহত রয়েছে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনায় গ্রেপ্তার আসামির বিরুদ্ধে রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।