সিল্কসিটি ডেস্ক :
রাজশাহী মহানগরীতে আলোচিত মো. মীম হত্যা মামলার এজহারভুক্ত দুই সহদরসহ তিন আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৫। শনিবার (৫ এপ্রিল) র্যাব ৫-এর মিডিয়া বিভাগ গণমাধ্যমকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে।
র্যাব জানায়, শুক্রবার (৪ এপ্রিল) রাত পৌনে ৮টার দিকে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার তালাইমারী এলাকায় অভিযান পরিচালনা করে মিম হত্যা মামলার এজহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন, এজহারে ৭ নম্বর আসামি মো. শাকিল, ৮ নম্বর আসামি মো. রবিন (২৭) এই দুজনই নগরীর বোয়ালিয়ার শেখেরচক পাচানী মাঠ এলাকার মোবারকের ছেলে।

অন্যদিকে মো. শুভ (২৪) ১১ নম্বর আসামি বোয়ালিয়া থানার শেখেরচক বিহারীপাড়ার মো. শুকুরের ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে গতবছর ২৬ অক্টোবর সন্ধ্যা নগরীর বোয়ালিয়া মডেল থানাধীন টিকাপাড়া কেমিকোর সামনের গলিতে কয়েকজন মিলে মীমের পথরোধ করে তাকে একটি অটোরিকশাযোগে নগরীর শেখেরচক ঈদগাহ পাচানী মাঠ সংলগ্ন পদ্মা নদীর ধারে নিয়ে ব্যাপক মারধর করে। এজাহারে উল্লেখিত ১৩ জন আসামিসহ আরো ৭/৮ জন মীমকে বেসবলের ব্যাট, লোহার রড, জিআই পাইপ, লোহার হাতুড়ি, চাপাতি ও রামদা দিয়ে আঘাত করে। একপর্যায়ে মীম জ্ঞান হারালে আসামিদের কয়েকজন তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে রেখে পালিয়ে যায়।
কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর মীম রামেকে মারা যায়। ওই ঘটনায় বোয়ালিয়া থানায় নিহত মীমের মা বাদী হয়ে একটি হত্যা মামলা করেন।
আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।









