নিজস্ব প্রতিবেদক:
নবান্ন উৎসবের সঙ্গে মিশে আছে বাঙালির ঐতিহ্যবাহী সংস্কৃতি। অগ্রহায়ণের শুরুতেই এপার বাংলা ও ওপার বাংলাতে চলে উৎসবের নানা আয়োজন। নতুন ধান কাটা আর সেই ধানের প্রথম অন্ন খাওয়াকে কেন্দ্র করে পালিত হয় নবান্ন উৎসব। বাঙালির বারো মাসে তেরো পার্বণ। এ যেন সত্যি হৃদয়ের বন্ধনকে আরও গাঢ় করার উৎসব। হেমন্ত এলেই দিগন্তজোড়া প্রকৃতি ছেয়ে যায় হলুদ-সবুজ রঙে। এই শোভা দেখে কৃষকের মন আনন্দে ভাসতে থাকে। কারণ, কৃষকের ঘর ভরে উঠবে গোলা ভরা ধানে।

বছর ঘুরে আবার এসেছে অগ্রহায়ণ। বাঙালির প্রধান কৃষিজ ফল কাটার ক্ষণ। স্মরণাতীত কাল থেকে বাঙালির জীবনে পয়লা অগ্রহায়ণকে বলা হয়ে থাকে বাৎসরিক সুদিন। এদিনকে বলা হয় নবান্ন। নবান্ন হচ্ছে হেমন্তের প্রাণ। নতুন ধানের চাল দিয়ে তৈরি করা হয় পিঠা, পায়েস, ক্ষীরসহ হরেক রকমের খাবার; বাড়ির আঙিনা নতুন ধানের মৌ মৌ গন্ধে ভরে ওঠে।
এই নবান্ন উসবকে তাই বাঙালি চায় নিজের আলোয় রাঙ্গাতে। রাজশাহীতেও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে পালিত হলো নবান্ন উৎসব। নগরীর বিভিন্ন আনাচে কানাচে থেকে শুরু করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং জেলার উপজেলার বিভিন্ন প্রান্তে পালিত হয়েছে এই উৎসবটি।
রাবি
রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক সিরাজুচ ছালেকীন জানিয়েছেন, নবান্ন উৎসব উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, ধান মাড়াই ও নবান্নের পিঠা উৎসবের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের এগ্রোনমী অ্যান্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগ। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন এই উৎসবের উদ্বোধন করেন।

মঙ্গলবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে থেকে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের প্রদক্ষিণ করে পুনরায় আসে। সেখানে ধান মাড়াই ও নবান্নের পিঠা উৎসব পালন করা হয়।
উৎসবে বিশেষ অতিথি ছিলেন কৃষি অনুষদের অধিকর্তা অধ্যাপক মো. সাইফুল ইসলাম। আয়োজনটি সমন্বয় করেন বিভাগের সভাপতি অধ্যাপক মো. আমিনুল হক। নবান্ন উৎসব ছাড়াও এদিন বিভাগের বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
গোদাগাড়ী
রাজশাহীর গোদাগাড়ী থেকে আমাদের প্রতিনিধি আব্দুল বাতেন জানিয়েছেন, বাঙালির এই অসম্প্রদায়িক সার্বজনীন উৎসব মঙ্গলবার ১লা আগ্রহায়ন গোদাগাড়ীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে পালন করা হয়েছে। গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ভারপ্রাপ্ত) মোহাম্মদ মনির হোসেনের আহবানে উপজেলার বিভিন্ন সুধিজনদের নিয়ে এ উৎসব পালন করা হয়।
বেলা সাড়ে ১০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা ও সুধিজনেরা আসতে শুরু করে এবং নবান্ন উৎসব এর বিভিন্ন আয়োজন ও গ্রাম বাংলার ইতিহাস তুলে ধরা হয়।
বেলা ১১ টায় গোদাগাড়ী উপজেলা চেয়ারম্যান মো. ইসহাকের নেতৃত্বে পৌর এলাকার সরমংলায় গিয়ে এক উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে ধান কাটার আয়োজন করা হয়।

ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন, উপজেলা চেয়ারম্যান মো. ইসহাক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার অশোক কুমার চৌধুরী, উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা শামসুন্নাহার, মহিলা বিষয়ক কর্মকর্তা মাহবুবা সুলতানা, উপজেলা কৃষিকর্মকর্তা, অবসর প্রাপ্ত শিক্ষক রবিউল ইসলামসহ বিভিন্ন সুধিজন মাথায় মাথইল, ঘাড়ে ও মাথায় গামছা, হাতে ধান কাটার যন্ত্র (কায়দা) নিয়ে কৃষকের বেশে ধান কাটে।
এ সময় উপস্থিত ছিলেন, গোদাগাড়ী প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক আব্দুল বাতেন, পৌর প্রেস ক্লাবের সভাপতি শহিদুল ইসলামসহ অন্যান্য সুধিজন। পরে উপজেলা ক্যাম্পাসে ভাপা পিঠা খাওয়ার আয়োজন ও সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
বাঘা
বাঘা প্রতিনিধি আমনুল হক আমান জানিয়েছেন, বাঘায় নবান্ন উৎসব উপলক্ষে পিঠা মেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা প্রশাসনের আয়োজনে দিন ব্যাপি উপজেলা পরিষদ চত্বরে এই উৎসব পালন করা হয়েছে।

উৎসব পালন উপলক্ষে সকালে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। নবান্ন উৎসবে উপজেলা চত্বরে বিভিন্ন এনজিও, ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও ব্যক্তি উদ্দ্যোগে পৃথকভাবে মেলায় পিঠার স্টল অংশগ্রহন করেন। র্যালি শেষে মেলার আনুষ্টানিকভাবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুল ইসলাম। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় অংশগ্রহন করেন উপজেলা পরিষদের নির্বাচিত ভাইস চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগের নের্তৃবৃন্দ, সরকারি কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, এনজিও কর্মকর্তা-কর্মী, স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। মেলায় পিঠা নিয়ে অংশগ্রহনকারীদের পুরুস্কার দেওয়া হয়েছে। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। এছাড়া এই পিঠা মেলায় সাপ খেলা, লাঠি খেলা, জারিগান, সারিগান অনুষ্ঠিত হয়।
উপজেলা ভাইস চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান-১ বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান শফি বলেন, ১৯৮২ সালে উপজেলা গঠিত হয়েছে। এই প্রথমবারের মতো উৎবসমূখর পরিবেশে নবান্ন উৎসব উপলক্ষে পিঠা মেলা অনুষ্ঠিত হয়।
জয়পুরহাট

জয়পুরহাট প্রতিনিধি এস এম শফিকুল ইসলাম জানিয়েছেন, সারাদেশে নবান্ন উৎসব পালন করার অংশ হিসেবে জয়পুরহাটেও জেলা প্রশাসন দিনব্যাপী নবান্ন মেলাসহ নানা কর্মসূচীর আয়োজন করে। শহীদ ডা: আবুল কাশেম ময়দানে আয়োজিত কর্মসূচীর মধ্যে ছিল বাঙালীর আবেগস্পর্শী বাঁশের বাঁশী ও ঢোল বাজিয়ে নবান্ন উৎসবের শুভ সূচনা। এতে অংশ নেন বংশীবাদক মিল্টন ও আনিসুর রহমান।
নবান্নের স্মৃতিচারণ করেন জেলা প্রশাসক মো. আব্দুর রহিম ও জাতীয় রবীন্দ্র সঙ্গিত সম্মিলন পরিষদ জয়পুরহাট শাখার সাধারণ সম্পাদক আমিনুল হক বাবুল। জয়পুরহাট লাইব্রেরী ও ক্লাবের সাধারণ সম্পাদক রাজা চৌধুরীর সঞ্চালনায় নবান্ন উৎসবে হেমন্ত ঋতুভিত্তিক গান ’ হিমেলও রাতে ঐ গগণের দীপ গুলিরে.., সহ অন্যান্য গান পরিবেশন করেন ফেরদৌস আরা লিপি, তামান্না ইয়াসমিন, মুক্তা, খাদিজা, পিউলী , অর্পিতা, অর্নব, নাসিমা।
উৎসবে কবিতা আবৃত্তি করেন মোস্তাহেদ ফাররোখ ও লালন। শিশু একাডেমীর শিশু শিল্পীরা নৃত্য পরিবেশন করেন। এরপর বণার্ঢ্য নবান্ন শোভাযাত্রা শহর প্রদক্ষিণ শেষে কালেক্টরেট চত্বরে শেষ হয়।
এ ছাড়াও ঐতিহ্যবাহী ধান কাটা উৎসব, নতুন ধানের ক্ষীর ও খই বিতরণ, যেমন খুশি তেমন সাজ প্রতিযোগিতা, শিশুদের হাড়িভাঙ্গা , বিস্কুট দৌড়, মোরগ লড়াই ও ঘুড়ি বানানো প্রতিযোগিতার আয়োজন করা হয়।
নবান্ন উৎসব উপলক্ষ্যে শহীদ ডা: আবুল কাশেম ময়দানে নবান্ন মেলায় ভাপা ও পিঠা-পুলির ১৪ টি স্টল বসানো হয়েছে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে। বিভিন্ন বিভাগের কর্মকর্তা, স্কুল-কলেজের শিক্ষক সহ বিপুল সংখ্যক শিক্ষার্থী নবান্ন উৎসবে অংশ গ্রহন করে।
বক্তারা বাঙালী জাতির এই অসাম্প্রদায়িক নবান্ন উৎবকে সর্বক্ষেত্রে ছড়িয়ে দেয়ার আহবান জানিয়েছেন।
স/শ










