নিজস্ব প্রতিবেদক:
নিরবে হত্যার কৌশল, হ্যাকিং পদ্ধতি, জামায়াত-শিবিরের গোপন মিশন নামের জিহাদী বিভিন্ন বইপত্র ও বিপুল পরিমাণ লিফলেটসহ দুই শিবির নেতাকে আটক করেছে রাজশাহী নগরীর বোয়ালিয়া থানা পুলিশ। আর এ নিয়ে কিছুটা হলেও উদ্বিগ্ন পুলিশ। গতকাল দুপুরে নগরীর শিরোইল কাঁচা বাজার এলাকায় মহানগর জামায়াতের গোপন কার্যালয় থেকে ওই দুই শিবির নেতাকে আটক করা হয়।

তাঁরা হলেন, রাজশাহী মসজিদ মিশন একাডেমীর ল্যাব টেকনিশিয়ান মনিরুল ইসলাম (৩০) ও শিবিরকর্মী রাশেল ইসলাম (৩২)। এর মধ্যে মনিরুল ইসলাম ইন্টারনেটে হ্যাকিং করাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল বলে পুলিশ জানিয়েছে।

- বোয়ালিয়া মডেল থানার ওসি শাহাদত হোসেন খান সিল্কসিটি নিউজকে বলেন, ‘নগরীর শিরোইল কাঁচাবাজারের ওই কার্যালয়টি ছিল মূলত জামায়াতের কার্যালয়। এখান থেকেই রাজশাহী অঞ্চলের সমস্ত কার্যক্রম গোপনে পরিচালিত হত। এই কার্যালয়ে যেসব বইপত্র পাওয়া যায়, তা এক কোথায় রাষ্ট্রবিরোধী বইপত্র। এখান থেকে যে ধরনের কর্মকাণ্ড পরিচালিত হত-তা সত্যিই ভয়ঙ্কর। এসব বিষয়গুলো আমরা গভীরভাবে খতিয়ে দেখছি।’
তিনি জানান, মনিরুল ইন্টারনেট ভিত্তিক নানা অপকর্মখাণ্ডে জড়িত ছিল। এর মধ্যে হ্যাকিং-এ দক্ষ সে। এছাড়াও নিরবে হত্যার কৌশল পদ্ধতি নিয়েও কাজ করে সে। ওই কার্যালয় থেকেও এই ধরনের বইপত্র পাওয়া গেছে। এ ছাড়াও হাজার হাজার লিফলেট উদ্ধার করা হয়েছে।

ওসি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দুপুর পৌনে তিনটার দিকে নগরীর বোয়ালিয়া থানা পুলিশ শিরোইল কাঁচাবাজার এলাকায় অভিযান চালানো হয়। এসময় শিবিরের সদস্য পর্যায়ের দুইজন নেতাকেও আটক করা হয়।
ওসি বলেন, আটককৃতরা ইন্টারেনেট হ্যাকিংসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত ছিল। এরা দুজনই দুর্ধর্ষ ক্যাডার। এদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। আর কোনো অপরাধের সঙ্গে জড়িত কিনা সেটি খুঁজে দেখা হবে।
তবে স্থানীয় সূত্র জানিয়েছে, আটক মনিরুল ইসলাম জামায়াতের ছাত্রসংগঠন শিবিরের সঙ্গে যুক্ত থাকলেও রাশেল ইসলাম কাগজ ব্যবসায়ী। মনিরুল রাজশাহীর জামায়াত নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান মসজিদ মিশন একাডেমির গুরুত্বপূর্ণ পদে রয়েছেন বলে জানা গেছে।
স/আর









