নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে এক কিশোরকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। রোববার রাত সাড়ে ১০টার দিকে নগরীর মেহেরচণ্ডী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ওই কিশোর হলো মেহেরচণ্ডী কড়ইতলা এলাকার আবুল কাশেমের ছেলে লালা(১৭)। এ ঘটনায় নিহত লালার তিন বন্ধুকে আটক করেছে পুলিশ।
জানা যায়, মেহেরচন্ডী এলাকার এক রাস্তার পাশে একজনকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা। তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে রাত ১১ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এরপর রাত ১ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যূ হয়।
তার শরীরে লাঠি ও ছোরার একাধিক দাগ রয়েছে। তাকে পিটিয়ে মারা হয়েছে বলে রামেক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান।
এ ঘটনায় তিনজনকে আটক করেছে বোয়ালিয়া মডেল থানার পুলিশ। আটককৃতরা হলো, একই এলাকার তার বন্ধু রিজওয়ান আহমেদ সিয়াম(১৭), রকি আহমেদ সিহাব(১৬) এবং সাকিল (২০)।
জানতে চাইলে রাজশাহী বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদৎ হোসেন সিল্কসিটি নিউজকে বলেন, পূর্ব শত্রুতার জের ধরে ওই কিশোরকে হত্যা করা হয়েছে। তারা একসাথেই চলাফেরা করত এবং চুরি,ছিনতাইয়ের মতো কাজ করত। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। আটককৃতদের থানায় নিয়ে আসা হয়েছে।
স/শ









