রাজশাহী

রাজশাহীতে আশা’র উদ্যোগে সংকর জাতের গাভী পালনে খামারিদের প্রশিক্ষণ

নিউজ ডেস্ক২৪ জুন ২০২৬২ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

 প্রান্তিক দুগ্ধ খামারিদের দক্ষতা বৃদ্ধি এবং আধুনিক পশুপালন ব্যবস্থার প্রসারে বেসরকারি উন্নয়ন সংস্থা আশা’র উদ্যোগে রাজশাহী সদর জেলায় সংকর জাতের গাভী পালন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ জুন) বেলা ১২টায় রাজশাহী টিটিসি কোরিয়ান ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে জেলার বিভিন্ন এলাকার ৩০ জন প্রান্তিক দুগ্ধ খামারি অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে  খোরশেদ আলম বলেন : আধুনিক প্রযুক্তিনির্ভর গাভী পালন ও সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে খামারিরা অধিক দুধ উৎপাদন এবং লাভজনক খামার গড়ে তুলতে পারবেন। খামার ব্যবস্থাপনায় প্রশিক্ষণের বিকল্প নেই। সঠিক পরিচর্যা ও রোগ প্রতিরোধ ব্যবস্থা নিশ্চিত করা গেলে খামারিরা আরও বেশি লাভবান হবেন।

প্রশিক্ষক ডা. সম্পা রানী দাস খামারিদের উদ্দেশে সংকর জাতের গাভীর বিভিন্ন রোগ, প্রতিরোধ ও চিকিৎসা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

তিনি বলেন :  সংকর জাতের গাভীতে খুরা রোগ (এফএমডি), গলাফুলা, তড়কা, মাস্টাইটিস (ওলানের প্রদাহ), কৃমিজনিত রোগ, নিউমোনিয়া ও বিভিন্ন চর্মরোগ বেশি দেখা যায়। এসব রোগ প্রতিরোধে নিয়মিত টিকাদান, খামার পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, সুষম খাদ্য সরবরাহ, বিশুদ্ধ পানি পান করানো এবং অসুস্থ পশুকে দ্রুত চিকিৎসার আওতায় আনার ওপর গুরুত্বারোপ করেন।

প্রশিক্ষণে সংকর জাতের গাভী পালনের অর্থনৈতিক গুরুত্ব, কৃত্রিম প্রজনন, গর্ভকালীন ও নবজাতক বাছুরের বিশেষ পরিচর্যা, গাভী ও বাছুরের বিভিন্ন রোগের প্রতিরোধ ও চিকিৎসা, উন্নত ঘাস চাষ, সাইলেজ প্রস্তুত, বায়োগ্যাস উৎপাদন এবং ভার্মি কম্পোস্ট (কেঁচো সার) তৈরির পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভাপতির বক্তব্যে মো. আব্দুল লতিফ বলেন : প্রান্তিক খামারিদের দক্ষতা বৃদ্ধি, আর্থিক উন্নয়ন এবং নিরাপদ প্রাণিসম্পদ ব্যবস্থাপনা নিশ্চিত করতে আশা নিয়মিতভাবে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে আসছে। আধুনিক জ্ঞান ও প্রযুক্তির ব্যবহার খামারিদের উৎপাদনশীলতা বৃদ্ধি এবং টেকসই জীবিকা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন আশা রাজশাহী সদর জেলার সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার মো. আব্দুল লতিফ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশা ঢাকা কার্যালয়ের সহকারী পরিচালক (প্রাণিসম্পদ) মো. খোরশেদ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশা রাজশাহী (সদর) জেলার সিনিয়র রিজিওনাল ম্যানেজার মো. মিজানুর রহমান।

প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন ভেটেরিনারি চিকিৎসক ডা. সম্পা রানী দাস (ডিভিএম)। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আশা ঢাকা কার্যালয়ের সিনিয়র প্রশিক্ষক (ভার্মি কম্পোস্ট) সাজ্জাদুল ইসলাম (সাজু)।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী খামারিরা নিজেদের অভিজ্ঞতা বিনিময় করেন এবং অর্জিত জ্ঞান বাস্তব খামার ব্যবস্থাপনায় প্রয়োগের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি ও লাভজনক খামার গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।