রাজশাহী

রাজশাহী সিটি কর্পোরেশনে স্বার্থ সংরক্ষণ কমিটির স্মারকলিপি প্রদান

নিউজ ডেস্ক২১ আগস্ট ২০২৫২ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর নাগরিক সুবিধা ও অধিকার আদায়ের দাবিতে রাজশাহী স্বার্থ সংরক্ষণ কমিটি  বুধবার সকাল ১১টায় রাজশাহী সিটি কর্পোরেশনের নির্বাহী কর্মকর্তার মাধ্যমে একটি স্মারকলিপি প্রদান করেছে।

স্মারকলিপি প্রদানকালে সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট মো: এনামুল হক বলেন,
রাজশাহীর সাধারণ মানুষের নাগরিক ভোগান্তি লাঘব ও উন্নয়নমূলক সুবিধা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। প্রতিটি নাগরিকের কথা শোনার জন্য সিটি কর্পোরেশনে প্রতি মাসে একটি করে গণশুনানির আয়োজন বাধ্যতামূলক করতে হবে। অথচ গণশুনানি ছাড়াই হঠাৎ করেই হোল্ডিং ট্যাক্স বৃদ্ধি করা হয়েছে। আমরা দাবি জানাই এই অতিরিক্ত হোল্ডিং ট্যাক্স কমাতে হবে, একইসাথে পানির বিলও যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনতে হবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে অযৌক্তিক ট্রেড লাইসেন্স ফি পুনর্বিবেচনা করতে হবে।

তিনি আরও বলেন: রাজশাহীতে অসংখ্য পরিবার অটোরিকশা ও রিকশার উপর নির্ভর করে জীবিকা নির্বাহ করছে। অথচ তাদের জন্য নির্ধারিত নিবন্ধন ফি সাধারণ শ্রমজীবী মানুষের পক্ষে বহন করা সম্ভব নয়। তাই এই ফি কমানো জরুরি। অন্যথায় আমরা রাজশাহীর স্বার্থে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবো।

অ্যাডভোকেট এনামুল হক আরও উল্লেখ করেন,
আমরা চাই রাজশাহীকে একটি বাসযোগ্য ও আধুনিক শহর হিসেবে গড়ে তুলতে। এজন্য নগরবাসীর মৌলিক নাগরিক সুবিধা—পরিষ্কার-পরিচ্ছন্নতা, পানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা, সুষ্ঠু যানবাহন নীতি ও সুলভ ট্যাক্স নিশ্চিত করা প্রয়োজন। নাগরিকের কষ্টে অর্জিত অর্থ যেন অপচয় না হয়, সেই দিকেও কর্তৃপক্ষকে নজর দিতে হবে।

এ সময় রাজশাহী স্বার্থ সংরক্ষণ কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ এনামুল হক ও সদস্য সচিব মোহাম্মদ মাহফুজুর হাসনাইন হিকোল ছাড়াও সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই স্মারকলিপির মাধ্যমে রাজশাহী স্বার্থ সংরক্ষণ কমিটি নাগরিকের অধিকার প্রতিষ্ঠা ও ভোগান্তি নিরসনে তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে।