রাজশাহী

রাজশাহী মহানগর বিএনপির কার্যালয়ে তালা দিলেন মিনু গ্রুপ

নিউজ ডেস্ক২৮ ডিসেম্বর ২০১৬২ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগর বিএনপির নতুন কমিটি দেওয়ার পর মহানগর বিএনপি অফিসে তালা ঝুলানো হয়েছে। বুধবার রাত আটটার দিকে নগর বিএনপির কার্যালয়ে পদ বঞ্চিত মিজানুর রহমান মিনু গ্রুপের নেতা-কর্মীরা তালা দেন।

 

এসময় নেতাকর্মীরা সেখানে উপস্থিত হয়ে কার্যালয়ের প্রধান ঘেরাও করে রাখেন।  ক্ষুব্ধ কর্মীরা নতুন সভাপতি বুলবুলের বিপক্ষে ও মিনুর পক্ষে শ্লোগানও দেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা সিল্কসিটি নিউজকে জানান, বুধবার রাত আটটার দিকে হঠাৎ করেই সাবেক সভাপতি মিনু সমর্থক নেতাকর্মী দলীয় কার্যালয়ে গিয়ে সেখানে আগে থেকে অবস্থান নেওয়া বুলবুল সমর্থকদের বের করে দেন। এরপর কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন তারা। তবে সেখানে উপস্থিত ছিলেন না মিনু বা বুলবুল।

এর আগে গত মঙ্গলবার কেন্দ্র থেকে রাজশাহী মহানগর ও জেলা বিএনপির নতুন কমিটির আংশিক ঘোষণা করা হয়। সেই কমিটিতে মহানগর বিএনপির সাবেক সভাপতি মিজানুর রহমান মিনুকে বাদ দিয়ে বুলবুলকে সভাপতি করা হয়। এতে ক্ষুব্ধ হন মিনু গ্রুপের নেতা-কর্মীরা। তারা সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি করার দাবি জানান।

মিজানুর রহমান মিনুর পক্ষের সমর্থকরা নতুন কমিটিতে মিনুর পদ বঞ্চিত হওয়ায় নগর বিএনপি কার্যালয়ে তালা লাগিয়েছে এমন অভিযোগ করেন বিএনপির আরেক পক্ষের নেতাকর্মীরা।

এর আগে সন্ধ্যায় নগর বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সংবাদ সম্মেলনে মিজানুর রহমান মিনু গ্রুপের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় নেতাকর্মীরা বলেন, সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করতে হবে। তাহলে স্থানীয় পর্যায়ে কে কত কাজ করেছে-তা বুঝতে পারা যাবে। বিগত সময়ে বিএনপির যখন খারাপ অবস্থা ছিলো, তখন যে নেতাকর্মীরা ছিলেন, তাদের মূল্যায়ন করা হয়নি এই নতুন কমিটিতে। তাই বিএনপির চেয়্যারপারসন বেগম খালেদা জিয়া যেনো আবার নতুন করে কমিটি গঠন করেন।

তারা আরো বলেন, বিএনপির যে নেতা কর্মীরা নানা ভাবে মামলা বা নির্যাতিত হয়েছেন তাদের মূল্যায়ন করে দলে ভালো পদ দিয়ে দল ও দেশের কাজ করার সুযোগ করে দিতে হবে এমনটি বলছিলেন বঞ্চিত নেতাকর্মীরা।

 

এর আগে, গতকাল মঙ্গলবার দুপুরে কেন্দ্রীয় বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে রাজশাহী মহানগর বিএনপির সভাপতি হিসেবে রাজশাহী সিটি করপোরেশনের নির্বাচিত মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল এবং সাধারণ সম্পাদক হিসেবে আগের কমিটির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলনের নাম ঘোষণা করা হয়।

 

এর ফলে মহানগর বিএনপি থেকে ছিটকে পড়েন দীর্ঘদিন ওই পদটির দখলে থাকা বিএনপি নেতা মিজানুর রহমান মিনু।

স/অ