অপরাধ ও দুর্নীতি

রাজধানীতে দুই কন্যাশিশুর লাশ উদ্ধার

নিউজ ডেস্ক৪ আগস্ট ২০১৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

রাজধানীর দারুসসালাম ও মিরপুর মাজার এলাকা থেকে দুই কন্যাশিশুর লাশ উদ্ধার করা হয়েছে।

দারুসসালাম থেকে খাদিজা জান্নাত নামের চার বছরের এক কন্যাশিশুর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।  এ ছাড়া মিরপুর মাজার সংলগ্ন পুকুর থেকে মোসাম্মত নাহার (১০) নামের অপর এক কন্যাশিশুর ভাসমান লাশ উদ্ধার করে পুলিশ।

বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে দারুসসালাম থানার ছোট দিয়াবাড়ী এলাকার একটি ঘরের খাটের নিচ থেকে খাদিজার রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। লাশটি উদ্ধারের সময় রাকিব (১৪) নামের এক কিশোরকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল সূত্র জানায়, সকালে ময়নাতদন্তের জন্য খাদিজার লাশ ঢামেক হাসপাতাল মর্গে নিয়ে যায় পুলিশ। তার গলাকাটা ছিল।

দারুসসালাম থানার উপপরিদর্শক (এসআই) মহেশ চন্দ্র সিংহ জানান, বুধবার বিকেল থেকে শিশুটি নিখোঁজ ছিল। এ ঘটনায় প্রতিবেশী রাকিবকে আটক করা হয়েছে। তবে কী কারণে শিশুটিকে হত্যা করা হয়েছে তা জানা যায়নি। সে ব্যাপারে তদন্ত শুরু হয়েছে।

এদিকে বৃহস্পতিবার সকালে মিরপুর মাজার সংলগ্ন পুকুরে মোসাম্মত নাহারের লাশ ভাসছিল। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যায়। শাহ আলী থানার এসআই খোকন ওই শিশুর লাশ উদ্ধার করেন।

 

সূত্র: রাইজিংবিডি