নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে প্রথম নারী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র নিয়েছেন বাংলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোছা. নিশা আক্তার।
তিনি স্বতন্ত্র প্যানেল থেকে রাকসুর কেন্দ্রীয় সংসদে নারী বিষয়ক সম্পাদক পদে মনোনয়নপত্র নিয়েছেন।

রোববার (২৪ আগস্ট) রাকসু কার্যালয় থেকে রাকসুর প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সেতাউর রহমানের কাছ থেকে তিনি মনোনয়নপত্র গ্রহণ করেন।
মনোনয়ন সংগ্রহের পর তিনি সাংবাদিকদের বলেন, নারী শিক্ষার্থীদের রাকসু নির্বাচনে আগ্রহী করার উদ্দেশ্যে আমি প্রথম নারী শিক্ষার্থীদের মধ্যে মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। আমার প্রত্যাশা হলো- নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলা, নারীর নিরাপত্তা নিশ্চিত করা, শিক্ষার্থীদের পূর্ণ আবাসিকতার সুযোগ সৃষ্টি করা, হলের ডাইনিংয়ের খাবারের মান উন্নয়ন করা এবং সাধারণ শিক্ষার্থীদের ন্যায্য আকাঙ্ক্ষা প্রশাসনের কাছে তুলে ধরা।
তিনি আরও বলেন, সুষ্ঠু নির্বাচন হলে আমি বিশ্বাস করি- সাধারণ শিক্ষার্থীরা আমাকে নারী প্রার্থী হিসেবে ভোট দিয়ে নির্বাচিত করবেন।
নতুন তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বিতরণ রোববার থেকে শুরু হয়ে চলবে ২৬ আগস্ট বিকাল ৫টা পর্যন্ত।
রাকসু ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ করা হচ্ছে কাজী নজরুল ইসলাম মিলনায়তন ভবনের নিচতলায় রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয় থেকে। আর হল সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংশ্লিষ্ট হলের প্রশাসনিক কার্যালয় থেকে বিতরণ করা হচ্ছে।
রোববার সকাল ৯টা থেকে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের কর্মবিরতির কারণে মনোনয়নপত্র বিতরণ শুরু হবে কিনা, তা নিয়ে সংশয় দেখা দিয়েছিল। তবে সব সংশয় কাটিয়ে দুপুর ১২টার পর মনোনয়ন বিতরণ শুরু করা হয়।
এদিকে দুপুর সোয়া ১টার দিকে শিক্ষক-কর্মকর্তারা দাবি মেনে না নিলে লাগাতার কর্মসূচির হুঁশিয়ারি দিয়ে কর্মবিরতি প্রত্যাহার করেন।
রাকসুর কোষাধ্যক্ষ ও নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা মো. সেতাউর রহমান বলেন, শিক্ষার্থীরা ব্যাপক উৎসাহ-উদ্দীপনা নিয়ে মনোনয়ন ফরম তুলেছেন। এখন পর্যন্ত চারজন প্রার্থী মনোনয়ন ফরম নিয়েছেন। সুষ্ঠুভাবেই কার্যক্রম সম্পন্ন হচ্ছে। শিক্ষক ও ছাত্র সংগঠনগুলোর বিভিন্ন দাবির বিষয়ে সবাইকে নিয়ে আজ বিকালে সিনেট ভবনে আলোচনা হবে।









