নিজস্ব প্রতিবেদক: না কোনো মতেই থামানো যাচ্ছে না রাজশাহী সিটি করপোরেশনকে (রাসিক)। একের পর এক খাম-খেয়ালিপনা সিদ্ধান্তে নগরীর গাছপালা কেটেই চলেছে তারা। বিশেষ করে নগরীর রেলগেট থেকে কোর্ট পর্যন্ত রাস্তার দুই ধারে লাগানো গাছগুলো যেন শত্রুতে পরিণত হয়েছে রাসিকের।
এই রাস্তার বিশালাকার গাছগুলো কাটা শুরু হয়েছে সেই বছর দুয়েক আগ থেকে। এখনো দফায় দফায় সেগুলো কেটে উজাড় করা হচ্ছেই। কখনো রাতের আঁধারে, কখনো দিনের বেলা প্রকাশ্যে গাছগুলো কেটে ফেলা হচ্ছে নির্বিচারে। যেন মনে হচ্ছে বৃক্ষ নিধন অভিযানে নেমেছে রাসিক। আর পথচারিরা সেইদিক দিয়ে যাওয়ার সময় শুধু হা-হুতাশ করছেন।

সর্বশেষ রবিবার সন্ধ্যার দিকে নগরীর বন্ধগেট এলাকায় কেটে ফেলা হয়েছে বিশালাকার কয়েকটি গাছের ডাল-পালা। কৃষ্ণচূড়া জাতের ওই গাছটির সব ডালপালা কাটতে শুরু করা হয় বিকেল থেকে। এরপর রাতের মধ্যেই গাছটি সম্পূর্ণ কেটে সাবাড় করার কথা ছিল। তবে খুব সকাল থেকেই গাছগুলো কেটে ফেলতে শুরু করে রাসিকের কর্মচারীরা। এ নিয়ে চরম ক্ষোভ দেখা দিয়েছে জনমনে।
এদিকে এভাবে গাছকাটার দৃশ্য দেখে নগরবাসীর মাঝে দেখা দিয়েছে চরম ক্ষোভ। কিন্তু কেউ এ নিয়ে কোনো প্রতিবাদ করার সাহস পাচ্ছেন না। নগর সংস্থা নিজেই গাছগুলো কেটে পানির দামে বিক্রি করে দিচ্ছে বলে এ নিয়ে কেউ কিছু বলতে পারছেন না।

- নগরীর বন্ধগেট এলাকার বাসিন্দা আকবর হোসেন সিল্কসিটি নিউজকে বলেন, ‘এই এলাকায় গত দুই বছর ধরে রাসিক অন্তত শতাধিক বিশালাকার গাছ কেটে সাবাড় করলো। স্থানীয়রা বাধা দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু কোনো লাভ হয়নি। উল্টো মামলা-মকদ্দমা দিয়ে ফাঁসানোর ভয়ভীতি দেখানোর কারণে পরে এলাকার লোকজন পিছু হটতে বাধ্য হয়েছেন। তাই কোনো মতেই গাছ নিধন থামাতে পারছেন না এলাকাবাসী।’
আরেক ব্যক্তি জুলমত রহমান বলছিলেন, ‘রাসিক তাদের ইচ্ছেমতো গাছ কাটছে। কেউ প্রতিবাদ করে কি করবে। গাছগুলো তো আর ব্যক্তি মালিকানার নয়, তাই কেউ জোরালো ভূমিকা রাখতে পারছে না। আর সেই সুযোগ নিয়ে রাসিক গাছগুলো কেটে সাবাড় করে দিচ্ছে। এখানে কেউ কিছু বলার নাই। বলতে গিয়ে নিজের বিপদ ঘাড়ে টেনে আনবে কে?’ প্রশ্ন করেন ওই ব্যক্তি।
তবে বিষয়টি নিয়ে রাতে নগর সংস্থার কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তারা কেউ এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
স/আর










