সিল্কসিটিনিউজ ডেস্ক:
গাজীপুরের কাপাসিয়া উপজেলা যুবদলের সদস্যসচিব জুনায়েদ হোসেন লিয়নকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতিমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

এতে বলা হয়, বহিষ্কৃত নেতৃবৃন্দের কোনো ধরনের অপকর্মের দায়দায়িত্ব দল নেবে না।
যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনাও প্রদান করা হয়েছে। বহিষ্কারের কারণ, নৈতিক স্খলনজনিত বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
তবে দলটির একটি সূত্র জানিয়েছে, একটি বাসায় আসরে বসে মদ পান করেছেন জুনায়েদ হোসেন লিয়ন। আজ সোমবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) এমন একটি ভিডিও ছড়িয়ে পড়ে।
ছড়িয়ে পড়া এক মিনিট ২০ সেকেন্ডের ভিডিওটিতে লিয়ন ছাড়াও আরো কয়েকজনকে দেখা গেছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সন্ধ্যায় দল থেকে তাকে বহিষ্কার করা হয়।
বহিষ্কার প্রসঙ্গে জুনায়েদ হোসেন লিয়ন কালের কণ্ঠকে বলেন, ভিডিওটি প্রায় ৫ বছর আগের।
গাজীপুর জেলা যুবদলের আহ্বায়ক আতাউর রহমান মোল্লা বলেন, নৈতিক স্খলনজনিত কারণে জুনায়েদ হোসেন লিয়নকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।









