নিজস্ব প্রতিবেদক :
সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় যমুনা নদীতে বালুবাহী বাল্কহেড থেকে চাঁদাবাজি অভিযোগে ১০ জনকে আটক করেছে নৌ পুলিশ।
শনিবার (১৫ নভেম্বর) সকালে উপজেলার ঘোড়জান ইউনিয়নের মুরাদপুর এলাকার যমুনার মাঝ নদীতে এ অভিযান চালানো হয়।

আটকরা হলেন আল-আমিন (২৪), নজরুল ইসলাম (৪৫), মানিক শিকদার (৫৪), শহিদুল ইসলাম (৪৫), আব্দুল আলিম (৪০), শরিফুল ইসলাম (৩৫), জাহাঙ্গীর হোসেন (৩৫), ইউনুস আলী (২৬), শহিদুল ইসলাম (৪৩) ও ফরিদ হোসেন (৪৬)।
চৌহালী নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আহম্মেদ বলেন, যমুনা নদীর ইজারা করা বালুমহাল থেকে বিভিন্ন স্থানে নৌপথে প্রতিদিন শত শত বাল্কহেডে বালু নিয়ে যান ব্যবসায়ীরা।
এসব বালু বহনকারী বাল্কহেড থেকে আটকরা নিয়মিত চাঁদা নিত। সংবাদ পেয়ে চাঁদাবাজি করার সময় হাতেনাতে তাদের আটক করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে একটি ইঞ্জিনচালিত নৌকা, দুই হাজার টাকা ও ১০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিয়মিত মামলা করা হয়েছে।









