সিল্কসিটিনিউজ ডেস্ক :
গত দেড় বছর আমি সেচ্ছায় চলচ্চিত্র থেকে দূরে আছি। মা অসুস্থ হওয়ার পর ছয় মাস তাঁর সেবা করেছি, শেষ পর্যন্ত মাকে বাঁচাতে পারিনি। এই শোক এখনো কাটিয়ে উঠতে পারিনি

অনেক দিন ধরে নিজেকে আড়ালে রাখছেন। কেন?
সময়ের সঙ্গে খাপ খাওয়াতে পারছি না।
এখন সবাই সস্তা ভিউয়ের পিছে দৌড়াচ্ছে। অন্যের মাথা বিক্রি করে কনটেন্ট তৈরি করছে। আমি এসবের মধ্যে থাকতে চাই না। এর পরও আমাকে নিয়ে টানাটানি করে।
দেখেন, মনগড়া সব নিউজ বানায়। কেন? চলচ্চিত্রে এক যুগ পার করেছি। ৩৫টির মতো ছবিতে কাজ করেছি। আগে কখনো এমন পরিস্থিতির শিকার হইনি।
ভেবে দেখলাম, যতটা আড়ালে থাকা যায় তত ভালো।
হঠাৎ আমেরিকা গিয়েছিলেন কেন?
অন্যদের কাছে হঠাৎ মনে হলেও আমি তো পরিকল্পনা করেই গিয়েছি। আমাদের পারিবারিক ব্যবসাকে আরো বড় করতে আমেরিকায় একটি বিজনেস সামিটে অংশ নিয়েছি। নিউ ইয়র্ক ও ওয়াশিংটন ডিসিতে দুটি ব্র্যাঞ্চ চালু করার প্রাথমিক কাজ সেরে এলাম। আমার তো এখনো এমন দিন আসেনি যে দেশ ছেড়ে বিদেশে গিয়ে পারফর্ম করে টাকা আয় করতে হবে।
অনেক ভালো আছি। ২২ দিন ছিলাম এবার। এর মধ্যে মাত্র দুই দিন আড্ডা দেওয়ার সময় পেয়েছি। সেই দুই দিনই কাছের মানুষদের সঙ্গে কাটিয়েছি।
অনেকেই মনে করেছিলেন আপনি আর ফিরবেন না…
গণমাধ্যমে এমন সংবাদ আমিও পড়েছিলাম। খুব কষ্ট লেগেছিল। এটা কেমন কথা! আমাকে নিয়ে সংবাদ ছাপছে অথচ আমার মন্তব্য নেই। কাউকে নিয়ে সংবাদ প্রকাশ করতে হলে তার মন্তব্য নেওয়াটা উচিত। নাকি?
দশ বছর পর মাহিয়া মাহির সঙ্গে আপনাকে দেখে অনেকে ধারণা করেছিলেন নতুন ছবির খবর আসছে। কিন্তু সেটা কী হচ্ছে?
বাংলাদেশের চলচ্চিত্রে শেষ সফল জুটি আমরাই। একসঙ্গে দশটির মতো ছবি করেছি। নব্বই শতাংশই কিন্তু ব্যবসাসফল। এখনো এই প্রজন্মের দর্শকের কাছে আমাদের ক্রেজ আলাদা। যেদিন মাহির সঙ্গে আমার ছবিটি প্রকাশিত হয়েছে সেদিন কিন্তু চলচ্চিত্রের সমস্ত আলাপ-আলোচনা আমাদের ঘিরেই হয়েছে। আমরাও চাই আবার দর্শকের কাছে ফিরতে। মাহি বলেছিল, যত দ্রুত সেটা বাস্তবায়ন করা যায়। আমি এর পরেরবার আমেরিকায় গিয়ে এক মাসের বেশি সময় থাকলে দুজনে একটা ছবি করব। নির্মাতা ওখানকারই থাকবে। তা ছাড়া অনেক শিল্পীই তো আমেরিকায় স্থায়ী হয়েছেন। কাজী মারুফ ভাই থেকে শুরু করে মৌসুমী আপু, মিশা সওদাগর ভাই—পুরো ছবি ওখানে শেষ করতে অসুবিধা হবে না। বলতে পারেন এটা নিয়ে পরিকল্পনাও করেছি আমরা।
ইউটিউবে শাকিব খানের পর সবচেয়ে বেশি ভিউ হয় আপনার ছবি। ‘গুন্ডা দ্য টেররিস্ট’ প্রায় ১০ কোটি ভিউ। অথচ নির্মাতারা নতুন ছবিতে আপনাকে কেন ডাকছেন না?
কে বলেছে ডাকছেন না! গত দেড় বছর আমি স্বেচ্চায় চলচ্চিত্র থেকে দূরে আছি। মা অসুস্থ হওয়ার পর ছয় মাস তাঁর সেবা করেছি, শেষ পর্যন্ত মাকে বাঁচাতে পারিনি। এই শোক এখনো কাটিয়ে উঠতে পারিনি। ক্যামেরার সামনে রোমান্স করার মতো স্বাভাবিক অবস্থায় এখনো আমি ফিরতে পারিনি। এই মুহূর্তে চারটি ছবির প্রস্তাব আছে। নির্মাতাদের বলেছি, আরো কয়েক মাস সময় লাগবে। তাঁরাও সেই সময় দিতে আপত্তি করেনি।









