রাজশাহী

মোহনপুরের সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তি মারা গেছেন

নিউজ ডেস্ক২১ নভেম্বর ২০২৪১ মিনিট পড়া

মোহনপুর প্রতিনিধি:

রাজশাহীর মোহনপুর উপজেলার বাকশিমইল ইউনিয়নের বিদ্যাধরপুর মোড়ে গত মঙ্গলবার দুপুরে (১৯ নভেম্বর) সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) ভোরে মারা গেছেন।

থানা সূত্রে জানা গেছে, নিহতের নাম আবুল হোসেন (৫০), তিনি মোহনপুর উপজেলার লালোইচ গ্রামের মৃতঃ কফিতুল্লাহর ছেলে। মৃত আবুল হোসেন গত ১৯ নভেম্বর দুপুরের দিকে মোটরসাইকেলযোগে রাজশাহী হতে লালোইচ গ্রামে নিজ বাড়িতে ফিরছিলেন।

পথিমধ্যে বিদ্যাধরপুর মোড় নামক স্থানে পৌঁছালে রাজশাহী-নওগাঁ মহাসড়কের অজ্ঞাতনামা একজন নারী হঠাৎ রাস্তা পারাপারের সময় আবুল হোসেনের মোটরসাইকেলের সামনে পড়েন। এসময় তিনি ওই নারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাকা রাস্তার উপর পড়ে মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর রক্তাক্ত জখমপ্রাপ্ত হোন।

স্থানীয়রা আহত অবস্থায় আবুলকে উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে তিনি চিকিৎসাধীন ছিলেন। আজ তিনি মারা যান।