নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর মোহনপুর উপজেলায় অবৈধভাবে পরিচালিত দুটি মিনি পেট্রোল পাম্প বন্ধ, ব্যবহৃত যন্ত্রপাতি জব্দ এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে প্রশাসনের কাছে লিখিত আবেদন করা হয়েছে।রাজশাহী আমের ব্যবসা
অভিযোগে বলা হয়েছে, প্রয়োজনীয় লাইসেন্স ও নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই মোহনপুর বাজার ও মৌগাছি বাজারে আনারুল ইসলাম ও আব্দুর রাজ্জাক নামে দুই ব্যক্তি প্রকাশ্যে ডিজেল, পেট্রোল ও অকটেন বিক্রি করছেন, যা জননিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।

এ বিষয়ে বৈধ তিনটি ফিলিং স্টেশনের প্রতিনিধিরা দ্রুত তদন্তের মাধ্যমে অবৈধ কার্যক্রম বন্ধ এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এ লক্ষ্যে গত ১১ জুন মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও রাজশাহীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) বরাবর লিখিত আবেদন জমা দেওয়া হয়।
মঙ্গলবার (১৬ জুন) দুপুরে অভিযুক্ত আনারুল ইসলাম বলেন, বাইরের ফিলিং স্টেশন থেকে জ্বালানি তেল কিনে প্রতি লিটারে ৫ টাকা লাভে বিক্রি করেন। তবে প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, বিস্ফোরক পরিদপ্তরসহ সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করা হয়েছে, কিন্তু এখনো পূর্ণাঙ্গ অনুমোদন পাওয়া যায়নি।
মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহিমা বিনতে আকতার বলেন, অভিযোগটি তদন্ত করে বৈধতা যাচাই করা হবে। অনিয়মের প্রমাণ পাওয়া গেলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
রাজশাহীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে কুলসুম সম্পা অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।









