অর্থ ও বাণিজ্য

মেলায় খণ্ডকালীন কাজ পাবেন যেভাবে

নিউজ ডেস্ক২০ জানুয়ারি ২০১৯২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

দেশে প্রায় সারা বছরই বিভিন্ন মেলার আয়োজন করা হচ্ছে। এতে দেশি-বিদেশি বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। মেলায় প্রতিষ্ঠানগুলোর স্টল পরিচালনায় অতিরিক্ত জনবলের প্রয়োজন হয়।

এসব জনবল খণ্ডকালীন ভিত্তিতে নিয়োগ করে প্রতিষ্ঠানগুলো। এর মধ্যে যারা কাজে দক্ষতা ও আন্তরিকতার পরিচয় দেন তাদের পরে প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে স্থায়ীভাবে নিয়োগ দেয়া হয়। এ কারণে তরুণ-তরুণীদের মধ্যে খণ্ডকালীন কাজের প্রতি ঝোক বেশি। এসব কাজে বিশ্ববিদ্যালয় ও কলেজ পড়ুয়া শিক্ষার্থীদেরই বেশি প্রাধান্য দেয়া হয়।

ঢাকা ও চট্টগ্রামেই বড় বড় মেলাগুলো হয়ে থাকে। ঢাকায় এখন চলছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। এ মেলায় প্রায় তিন হাজার শিক্ষার্থীর খণ্ডকালীন চাকরি হয়েছে। তারা এখন মেলায় কাজ করছে। গত ডিসেম্বর থেকেই কোম্পানিগুলো খণ্ডকালীন নিয়োগ দিয়েছে। আগামী ১ ফেব্রুয়ারি থেকে ঢাকায় শুরু হবে মাসব্যাপী অমর একুশে গ্রন্থমেলা, ফেব্রুয়ারি থেকে চট্টগ্রামে শুরু হবে চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা, মার্চে স্বাধীনতা বই মেলা, এপ্রিলে হবে সারা দেশে বৈশাখী মেলা।

এছাড়াও কম্পিউটার মেলা, ল্যাপটপ ও ট্যাব মেলা, উন্নয়ন মেলা, বাটেক্সপো, নিটওয়্যার মেলা, চামড়া মেলা, চশমা মেলা, চা মেলা, প্লাস্টিক সামগ্রী মেলাসহ নানা ধরনের মেলা অনুষ্ঠিত হয়ে থাকে। সংশ্লিষ্ট অ্যাসোসিয়েশন বা সরকারের সংশ্লিষ্ট বিভাগ এসব মেলার আয়োজন করে। মেলা আয়োজনের সিদ্ধান্ত হলেই গণমাধ্যমে বিজ্ঞপ্তি দেয়া হয়।

তখন থেকেই খণ্ডকালীন কর্মী নিয়োগ শুরু হয়। এসব মেলায় যারা খণ্ডকালীন সময়ের জন্য কাজ করতে চান তাদেরকে ওই বিজ্ঞপ্তি প্রচারের সময়েই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যোগাযোগ করতে হবে।

এছাড়া প্রতিষ্ঠানগুলোর ওয়েসবাইটেও প্রার্থীরা সিভি জমা দিয়ে রাখতে পারেন। এসব সিভির ভিত্তিতেও প্রতিষ্ঠানগুলো কর্মী নিয়োগ করে। এছাড়া ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে খণ্ডকালীন কর্মী নিয়োগ করা হয়। ফলে আগ্রহীরা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ওয়েবসাইটে ঢুকে সিভি দিয়ে রাখতে পারেন।