সিল্কসিটিনিউজ ডেস্ক:
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের দলে নেই মুস্তাফিজুর রহমান। লম্বা স্পেলে বল করালে সমস্যা হতে পারে ভেবে ফিজিওর পরামর্শে বিশ্রামে দেওয়া হয়েছে তাঁকে। ওয়েলিংটনে প্রথম টেস্টের দলে জায়গা না পেলেও দেশে ফেরত পাঠানো হচ্ছে না কাটার মাস্টারকে। নিউজিল্যান্ডে দলের সঙ্গেই রাখা হয়েছে তাঁকে।

কেন দলের সঙ্গে রাখা হয়েছে মুস্তাফিজকে, এই প্রশ্ন অনেকের মনেই জাগতে পারে। বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে, দ্বিতীয় টেস্টে এই বাঁহাতি পেসারকে খেলানো যায় কি না, তা নিয়ে ভাবছে নির্বাচক কমিটি। আর তা জোরালোভাবেই আলোচনা হচ্ছে। কারণ প্রথম টেস্টে বিশ্রাম পেলে দ্বিতীয় টেস্টের জন্য অনেকটাই ফিট হয়ে উঠতে পারেন, এই ভেবে তাঁকে দলের সঙ্গেই তাঁকে রাখা হয়েছে।
কিছুদিন আগেই চোট থেকে সেরে উঠেছেন মুস্তাফিজ। টানা বল করালে সমস্যা হতে পারে ভেবে চলমান এই সিরিজের ওয়ানডেতে একটি ম্যাচ বিশ্রাম দেওয়া হয়েছিল তাঁকে। টেস্টেও তাঁকে সেভাবে খেলানোর পরিকল্পনা টিম ম্যানেজমেন্টের।
২০১৫ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি টেস্ট ম্যাচ খেলেছিলেন তিনি। চট্টগ্রামে প্রথম টেস্টের প্রথম ইনিংসে চার উইকেট নিয়ে নিজেকে ভালোভাবেই চেনান তিনি। অবশ্য ঢাকায় দ্বিতীয় টেস্টে বল করার সুযোগ পাননি। বৃষ্টিতে ভেসে যায় সে টেস্ট।
নিউজিল্যান্ডের বিপক্ষে এই সিরিজের প্রথম টেস্ট হবে ১২-১৬ জানুয়ারি, ওয়েলিংটনে। আর ক্রাইস্টচার্চে সিরিজের দ্বিতীয় টেস্ট হবে ২০-২৪ জানুয়ারি।
চোটের কারণে গত বছর আগস্টে লন্ডনের বুপা ক্রমওয়েল হাসপাতালের শল্যবিদ অ্যান্ড্রু ওয়ালেসের অধীনে মুস্তাফিজের অস্ত্রোপচার হয়েছিল। এরপর দীর্ঘ পুনর্বাসন শেষে এই সিরিজের দলে ডাক পান তিনি। সাসেক্সের হয়ে কাউন্টিতে খেলতে গিয়েই চোটে আক্রান্ত হয়েছিলেন কাটার-মাস্টার।
সূত্র: এনটিভি










