সিল্কসিটিনিউজ ডেস্ক :
রাজনৈতিক বিশ্লেষক ও নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ডা. জাহেদ উর রহমান বলেন, ‘আগেও বলেছি, এখনো বলছি, বহুবার বলছি, বারবার বলব। মুক্তিযুদ্ধের বয়ান বা অন্য কোনো বয়ানের মাধ্যমে কাউকে এমন জায়গায় নিয়ে যাওয়া যাবে না যে তার ওপর এটার ভিত্তিতে অত্যাচার করতে পারি। মুক্তিযুদ্ধবিরোধী বা রাজাকার ট্যাগ দিয়ে কাউকে অত্যাচার করা যাবে, তার অধিকার হরণ করা যাবে বা তাকে হত্যাযজ্ঞ করা যাবে, এটার বিরুদ্ধে আমরা আছি।’
বৃহস্পতিবার (১১ আগস্ট) তার ব্যক্তিগত ইউটিউব চ্যানেল ‘জাহেদস টেইক’-এ প্রকাশিত এক ভিডিওতে এমন মন্তব্য করেন।

তিনি বলেন, ‘এটা শুধু মুক্তিযুদ্ধের সঙ্গে নয়, যেকোনো রকম ইডিওলজিক্যাল পয়েন্ট অব ভিউতে এটা নয় বলে তাকে আমি অত্যাচার করতে পারি, নির্যাতন করতে পারি, হত্যা করতে পারি, এটা হবে না। প্রায়ই বলি, আবারও বলছি, এ কথাগুলো আমাদের আসলে সিরিয়াসলি বলা দরকার এবং এগুলো ঠিকঠাক মতো শুরু করা দরকার।’
ডা. জাহেদ বলেন, ‘মুক্তিযুদ্ধের ইতিহাস একটা জনযুদ্ধ ছিল, এটাকে আওয়ামীকরণ করা হয়েছিল। আমাদের এটাকে বিআওয়ামীকরণ করতে হবে।
একটা মোটা দাগে ইতিহাসের পেছনে যে ট্রুথ থাকে, সেটা খুবই সাবজেক্টিভ ইন্টারপ্রিটেশন হতেই পারে। কিন্তু আমাদের মোটামুটি একটা অবজেক্টিভ হিস্ট্রির কাছাকাছি যেতে হবে, বিআওয়ামীকরণ করতে হবে।’
তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের আলাপ হবে আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের ন্যারেটিভ ফিটে না। মুক্তিযুদ্ধ বললেই আওয়ামী ট্যাগ, মুক্তিযুদ্ধ বললেই ভারতীয় ট্যাগ, এটা খুবই বাজে, খুবই নোংরা।
আওয়ামী লীগ একটা জিনিসকে নষ্ট করেছে, পচিয়েছে বলে সেই জিনিসের মূল্য নষ্ট হয়ে গেছে, মোটেও সেটা নয়। সেটার যেই মূল্যটা আছে, যতটুকু আছে, যেই জায়গায় আছে, সেটা নিয়ে কাজ করতে হবে।’
ডাকসু নির্বাচনে জয়ী প্রার্থীদের বুদ্ধিজীবী স্মৃতিসৌধে দোয়া মোনাজাত নিয়ে ডা. জাহেদ বলেন, ‘ছাত্রশিবিরকে আমি অভিনন্দন জানাই। যারা মনে করেছিলেন, যারা বলেছিলেন যে বাংলাদেশে এই ইস্যুটা (মুক্তিযুদ্ধ) মৃত, বিশেষ করে জেন-জি তরুণদের কাছে এটার কোনো রকম কোনো আবেদন নেই, এই নবনির্বাচিত নেতৃবৃন্দরা মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর মাধ্যমে সেই কথাটাকে দুর্দান্তভাবে ভুল প্রমাণ করলেন। সুতরাং বাংলাদেশের রাজনীতির স্ফিয়ারে মুক্তিযুদ্ধ ইস্যু হিসেবে থাকবেই।
আবারও বলছি, বারবার বলা হচ্ছে, ওটা আওয়ামী ইতিহাস নয়। নতুন বিআওয়ামীকরণ করার পর যে ইতিহাস, মুক্তিযুদ্ধের সময়কার যে ন্যারেটিভ, সেটা মাঠে রাখব আমরা এবং সেটা থাকবে।’










