আন্তর্জাতিক

মালয়েশিয়ার বাংলাদেশিসহ আটক ১৪৮

নিউজ ডেস্ক১৩ এপ্রিল ২০২৫২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

মালয়েশিয়ায় জোহর রাজ্যে বাংলাদেশিসহ ১৪৮ অবৈধ অভিবাসীকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ।

শনিবার (১২ এপ্রিল) জোহর ইমিগ্রেশনের উপ-পরিচালক (নিয়ন্ত্রণ) নর ফয়জল এক বিবৃতিতে জানিয়েছেন, আটকরা বৈধ ভ্রমণ নথি এবং ওয়ার্ক পারমিট দেখাতে ব্যর্থ হয়েছেন এবং তাদের সামাজিক পরিদর্শন পাসের অপব্যবহারের অভিযোগ রয়েছে।

রাজ্যের ইমিগ্রেশন বিভাগ সূত্রে জানা গেছে, শুক্রবার (১১ এপ্রিল) স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে জোহর বাহরুর ইস্কান্দার পুটেরির আশেপাশে দুটি পৃথক অভিযানে মোট ১৪৮ অভিবাসী কর্মীকে আটক করা হয়েছে।

তামান জোহর জায়ার একটি নির্মাণস্থল এবং ইকো গ্যালেরিয়ার কাছে একটি বিদেশী শ্রমিক বসতিতে অভিযান চালানো হয়।

আটকরা মিয়ানমার, ইন্দোনেশিয়া, বাংলাদেশ, চীন, পাকিস্তান, নেপাল এবং ভারতের নাগরিক। এছাড়া আটকদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।

নর ফয়জল বলেন, কেউ কেউ তাদের পাসপোর্ট এবং ওয়ার্ক পারমিট দেখাতেও অক্ষম কারণ তারা দাবি করে যে নথিগুলি তাদের নিয়োগকর্তাদের কাছে রয়েছে।

এদিকে অভিযানের সময় পালানোর চেষ্টারত একজন বিদেশী কর্মীর ধাক্কায় ইমিগ্রেশন বিভাগের (জেআইএম) একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটে যখন একদল বিদেশি কর্মী কর্তৃপক্ষের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় ধাক্কায় ওই কর্মকর্তার বাম উরুর হাড় ভেঙে গেছে। কর্মকর্তাকে চিকিৎসার জন্য জোহরের সুলতানা আমিনা হাসপাতালে (এইচএসএ) পাঠানো হয়েছে।

 

সূত্র: যুগান্তর