সিল্কসিটিনিউজ ডেস্ক :
রুকানা ইবনে আব্দে ইয়াজিদ ইবনে হাশিম ইবনে মুত্তালিব ইবনে আবদ মানাফ ছিল কুরাইশ বংশের সেরা মল্লবীর। একদিন এক গিরিসংকটে রাসুল (সা.)-এর সঙ্গে তার সাক্ষাৎ হয়। রাসুল (সা.) তাকে বললেন, ‘হে রুকানা। তুমি কি আল্লাহকে ভয় করবে না আর আমি তোমাকে যেদিকে আহবান করছি তাতে কি সাড়া দেবে না?’ সে বলল, ‘আমি যদি বিশ্বাস করতাম যে আপনি যা বলছেন তা সত্য, তাহলে আমি অবশ্যই আপনার অনুসরণ করতাম।
’ রাসুল (সা.) তখন তাকে বলেন, ‘আচ্ছা, বলো দেখি, আমি যদি কুস্তিতে তোমাকে পরাজিত করতে পারি, তবে কি তুমি বিশ্বাস করবে যে আমার আনীত ধর্ম সত্য?’ সে বলল, ‘হ্যাঁ, বিশ্বাস করব।’ তিনি বলেন, ‘তবে প্রস্তুত হও। এসো, কুস্তিতে আমি তোমাকে পরাস্ত করি।’ সে মতে কুস্তি শুরু হলো।

রাসুল (সা.) তাকে মাটিতে ফেলে এমন জোরে চেপে ধরলেন যে তার কিছুই করার শক্তি রইল না। রাসুল (সা.) তাকে ছেড়ে দিলেন। সে বলল, ‘পুনরায় শক্তি পরীক্ষা হোক।’ পুনরায় কুস্তি শুরু হলো।
এবারও সে পরাস্ত হলো। সে বলল, ‘হে মুহাম্মদ। আল্লাহর কসম, এটা তো পরম বিস্ময়ের কথা যে আপনি আমাকে পরাজিত করলেন।’ রাসুল (সা.) বললেন, ‘তুমি যদি আল্লাহকে ভয় করো এবং আমার অনুসরণ করো, তবে আমি তোমাকে আরো অধিক বিস্ময়কর ঘটনা দেখাতে পারি।’ সে জিজ্ঞেস করল, সেটি কী? তিনি বললেন, ‘ওই যে দূরে বৃক্ষ দেখছ, আমি সেটিকে ডাকলে সেটি আমার নিকট এসে পৌঁছবে।
’ রুকানা বলল, ‘তবে সেটিকে ডাকুন।’ তিনি বৃক্ষটিকে ডাকলেন। সেটি এগিয়ে এলো এবং রাসুল (সা)-এর সম্মুখে দাঁড়িয়ে গেল। এবার তিনি সেটিকে নিজের জায়গায় ফিরে যেতে নির্দেশ দিলেন। সেটি স্বস্থানে ফিরে গেল। বর্ণনাকারী বলেন, এরপর রুকানা তার সম্প্রদায়ের কাছে গিয়ে বলল, ‘হে বনু আবদ মানাফ। তোমাদের এই লোককে নিয়ে তোমরা বিশ্ববাসীকে জাদু প্রতিযোগিতায় চ্যালেঞ্জ করতে পারো। আল্লাহর কসম, তাঁর চাইতে বড় জাদুকর আমি কখনো দেখিনি।’ সে যা দেখেছে এবং রাসুল (সা.) যা করেছেন তার সবই সে তাদের জানাল।
আবু বকর শাফেয়ি উত্তম সনদে ইবন আব্বাস (রা.) থেকে বর্ণনা করেছেন, ইয়াজিদ ইবনে রুকানা একে একে তিনবার রাসুল (সা.)-এর সঙ্গে কুস্তি লড়েছিল এবং তিনবারই তিনি তাকে পরাস্ত করেছিলেন। অবশ্য প্রতিবারের পরাজয়ের জন্য ১০০টি করে বকরি প্রদানের শর্ত ছিল। তৃতীয়বারে সে বলেছিল, ‘হে মুহাম্মদ। আপনার আগে অন্য কেউ কোনো দিন আমার পিঠ মাটিতে ঠেকাতে পারেনি। আর আমার কাছে আপনার চাইতে ঘৃণিত কেউ ছিল না। এখন আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং আপনি আল্লাহর রাসুল।’ তখন রাসুলুল্লাহ (সা.) উঠে দাঁড়ালেন এবং তার বকরিগুলো ফেরত দিয়ে দিলেন।
আবু জাফর ইবনে মুহাম্মদ ইবনে রুকানা (রহ.) তাঁর পিতা থেকে বর্ণনা করেন, রুকানা (রা.) রাসুলুল্লাহ (সা.)-এর সঙ্গে কুস্তি লড়েন। রাসুলুল্লাহ (সা.) তাঁকে ভূপাতিত করেন। (সূত্র : আল বিদায়া ওয়ান নিহায়া : ৩/১৯৯, তিরমিজি, হাদিস : ১৭৮৪)









