সিল্কসিটিনিউজ ডেস্ক :
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার গোয়াতলা ইউনিয়নের গোয়াতলা বাজার এলাকায় বিদ্যুৎস্পর্শে মো. মোবারক হোসেন (২২) নামের এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় তাকে বাঁচাতে গিয়ে তার স্ত্রীও গুরুতর আহত হয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। নিহত গোয়াতলা এলাকার শাহজাহানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে প্রবাসী সিরাজুল ইসলামের বাড়ির ছাদে ওঠেন মোবারক হোসেন।

এ সময় অসাবধানতাবশত ছাদের ওপর থাকা বিদ্যুতের সার্ভিস তারে স্পর্শ করলে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন তিনি। বিষয়টি দেখতে পেলে তার স্ত্রী দ্রুত ছুটে এসে তাকে স্পর্শ করলে তিনিও বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।
স্থানীয়রা জানান, ছাদের ওপর দিয়ে বিদ্যুতের সার্ভিস তার ঝুঁকিপূর্ণভাবে যাওয়া ও লিকেজের কারণে এ দুর্ঘটনা ঘটেছে।
তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে নিরাপত্তাব্যবস্থা জোরদারের দাবি জানান।
ধোবাউড়া থানার ওসি তদন্ত মো. মোজাম্মেল হক বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে রয়েছে। আমরা বিষয়টি তদন্ত করছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।










