লাইফ স্টাইল

মন খারাপের হাত থেকে রেহাই পেতে অব্যর্থ দাওয়াই গবেষকদের

নিউজ ডেস্ক২৭ নভেম্বর ২০১৭২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

‘উঁহু না সোনা, একাবোকা থাকব না।’ বাংলা ব্যান্ড ‘চন্দ্রবিন্দু’-র গানের লিরিক ছুঁয়ে বাঙালি তথা সারা পৃথিবীর মানুষের এ এক অনিবার্য পণ। একা থাকা চলবে না। তা হলেই নিঃসঙ্গতা এসে জেঁকে বসবে। কিন্তু নতুন এক গবেষণা বলছে একদম উল্টো কথা।
সারা পৃথিবীর এক বিরাট সংখ্যক মানুষ প্রতিনিয়ত বেঁচে রয়েছেন অবসাদের তিক্ত কষাটে গরল পান করে। বিবিধ কারণেই আসে এই অবসাদ। কিন্তু এর থেকে প্রতিকারের উপায় কী? কেমন করে রোখা যায় মন খারাপের ছোবলকে? গবেষকরা বলছেন, একা থেকে! হ্যাঁ, প্রতিদিন কিছুটা সময় একেবারে নিজের সঙ্গে থাকতে পারলে রেহাই মিলবে অবসাদ থেকে। কেননা সেই কিছু সময়ের একাকিত্বই আপনার ভিতরটা সৃজনশীল করে তুলবে, যা অবসাদকে কাছে ঘেঁষতে দেবে না।

গাল্ফ টাইমস.কমে প্রকাশিত এক প্রতিবেদনের দাবি, এটাই অবসাদ থেকে বেরিয়ে আসার মোক্ষম দাওয়াই। দেখা গিয়েছে একা থাকলে মগজ কাজ করে আরও পরিষ্কার। একঘর ভর্তি মানুষের সঙ্গ মানুষের সৃজনশীলতাকে সক্রিয় হয়ে উঠতে দেয় না।

জানা গিয়েছে, গবেষকরা ৩০০ জন মানুষের উপরে এই গবেষণা চালিয়েছেন। দেখা গিয়েছে, এঁদের মধ্যে যে মানুষরা নিয়মিত ভাবে বেশ কিছুটা সময় কাটিয়েছেন একেবারে নিজের সঙ্গে একা, তাঁদের সৃজনশীলতা বেড়ে গিয়েছে। আর সেই সৃষ্টিশীল মানুষেরা তাঁদের সৃজনশীলতার সাহায্যে অবসাদকে কাটাতে সক্ষম হয়েছেন। শুধু অবসাদ কাটিয়ে ফেলাই নয়, এর ফলে ভুলে যাওয়ার মতো রোগকেও কাবু করা যায়। এমনকী, তাঁদের হৃদযন্ত্রেরও স্বাস্থ্য ভাল থাকে।