সিল্কসিটিনিউজ ডেস্ক: জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় মঙ্গলবার (৫ ডিসেম্বর) আদালতে আত্মসমর্পণ করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সোমবার (৪ ডিসেম্বর) খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।
সানাউল্লাহ মিয়া বলেন, ‘খালেদা জিয়া মঙ্গলবার বেলা ১১টার দিকে পুরান ঢাকার বকশিবাজারের অস্থায়ী আদালতে উপস্থিত হবেন। সেখানে তিনি জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট এ দুটি মামলায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করবেন।’
এই দুই মামলায় ৫,৬ ও ৭ ডিসেম্বর যুক্তিতর্কের জন্য দিন ধার্য আছে বলে জানান তিনি।
এর আগে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা এই দুই মামলায় গত ১২ অক্টোবর খালেদা জিয়ার জামিন বাতিল করে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। প্রায় তিন মাস লন্ডনে অবস্থানের পর দেশে ফিরে ১৯ অক্টোবর আদালতে আত্মসমর্পণ করে দুই মামলায় জামিন পান তিনি। তবে গত ৩০ নভেম্বর শুনানির নির্ধারিত দিনে তিনি আদালতে উপস্থিত না হওয়ায় জামিন বাতিল হয়। আগামীকাল মঙ্গলবার আদালতে আত্মসমর্পণ করে ফের জামিন চাইবেন তিনি।

উল্লেখ্য, ২০১০ সালের ৮ আগস্ট খালেদা জিয়াসহ চার জনের বিরুদ্ধে তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলাটি দায়ের করে দুদক। আর এতিমদের জন্য বিদেশ থেকে আসা দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাৎ করার অভিযোগে ২০০৮ সালের ৩ জুলাই জিয়া অরফানেজ মামলাটি দায়ের করে সংস্থাটি।
দুই মামলার অভিযোগপত্রে খালেদা জিয়া, তার বড় ছেলে তারেক রহমান, কাজী সালিমুল হক কামাল ওরফে ইকোনো কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, ড. কামাল উদ্দিন সিদ্দিকী ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমানকে আসামি করা হয়।
বাংলা ট্রিবিউন










