সদ্য প্রকাশিত
অপরাধ ও দুর্নীতি

ভোলায় মিতু হত্যার প্ররোচনা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৩

নিউজ ডেস্ক১৭ জুন ২০২৬২ মিনিট পড়া
ভোলায় মিতু হত্যার প্ররোচনা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৩

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ভোলা সদরের আলোচিত সুমাইয়া আক্তার মিতু হত্যার প্ররোচনা মামলায় পলাতক প্রধান আসামি স্বামী মো. সোহাগ ও শাশুড়ি মোসা. কহিনুর বেগমসহ তিন আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গ্রেপ্তার অপর আসামি হলেন–মিতুর খালাশাশুড়ি মোসা. মুক্তা আক্তার।

আজ বুধবার (১৭ জুন) সকালে র‍্যাব-৮ ভোলা ক্যাম্পের কমান্ডার মেজর রওনক জাহান সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার বিকেলে র‍্যাব-৮ ভোলা ক্যাম্প ও র‍্যাব-৭ এর যৌথ অভিযানে চট্টগ্রামের ইপিজেড এলাকা থেকে এদের গ্রেপ্তার করা হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, গত ৫ জুন ভোলা সদর মডেল থানায় গৃহবধূ মোসা. সুমাইয়া আক্তার মিতু নামের এক গৃহবধূ হত্যার প্ররোচনায় একটি মামলা করা হয়। ঘটনার দিনই র‍্যাব-৮-এর একটি চৌকস দল ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করেন এবং ছায়া তদন্ত শুরু করে।

দীর্ঘ নিবিড় তদন্ত ও গোয়েন্দা নজরদারির পর র‍্যাব-৮ ভোলা ক্যাম্পের সার্বিক দিকনির্দেশনায় এবং র‍্যাব-৭ চট্টগ্রামের একটি চৌকস দলের সহযোগিতায় চট্টগ্রামে একটি যৌথ অভিযান চালানো হয়। অভিযানে পলাতক এজাহারভুক্ত এক নম্বর আসামি মো. সোহাগ, ২ নম্বর আসামি মোসা. কহিনুর বেগম ও ৪ নম্বর আসামি মোসা. মুক্তা আক্তারকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের চট্টগ্রামের সংশ্লিষ্ট ইপিজেড থানায় হস্তান্তর করা হয়।
র‍্যাব-৮ ভোলা ক্যাম্প কমান্ডার মেজর রওনক জাহান সরকার বলেন, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রাথমিকভাবে চট্টগ্রামের ইপিজেড থানায় হস্তান্তর করা হয়েছে।

বিষয়টি ভোলা সদর থানা পুলিশকে জানানো হয়েছে। তারা চট্টগ্রাম থেকে আসামিদের নিয়ে আসার বিষয়ে পরবর্তী ব্যবস্থা নিচ্ছেন। র‍্যাব সব সময় নারীর ওপর যেকোনো ধরনের নির্যাতন ও অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে।
উল্লেখ্য, গত ৩ জুন দুপুরে ভোলা শহরের উকিলপাড়ার একটি ভাড়া বাসার পাঁচতলার ফ্ল্যাট থেকে সুমাইয়া আক্তার মিতুর মরদের উদ্ধার করে পুলিশ। নিহত মিতু ভোলার দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মো. বশির আহমেদের মেয়ে।

এ ঘটনায় মিতুর বাবা মো. বশির আহমেদ বাদী হয়ে ভোলা সদর মডেল থানায় আত্মহত্যার প্ররোচনায় একটি মামলা করেন। এ ঘটনার পরে থেকে মিতুর স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক ছিলেন।