আন্তর্জাতিক

ভারতে ঘূর্ণিঝড়ের আশঙ্কা

নিউজ ডেস্ক২৩ অক্টোবর ২০২৬২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপটি ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপ এবং পরবর্তী সময়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঘূর্ণিঝড়টি ভারতের অন্ধ্রপ্রদেশ বা তামিলনাড়ু উপকূলে আঘাত হানতে পারে।

এর প্রভাবে আগামী মঙ্গলবার (২৭ অক্টোবর) দেশের উপকূলীয় অঞ্চলে বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পাশাপাশি রাজধানী ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এক সপ্তাহের বেশি সময় ধরে দেশের অধিকাংশ এলাকায় কোনো বৃষ্টিপাত নেই। গত ২৪ ঘণ্টায় অধিদপ্তরের পর্যবেক্ষণাধীন ৫১টি স্টেশনের কোনোটিতেই বৃষ্টি রেকর্ড করা হয়নি। বঙ্গোপসাগরে ধারাবাহিকভাবে লঘুচাপ সৃষ্টি হওয়া এবং পশ্চিমা বায়ুর প্রভাবে বাতাস সাগরমুখী থাকায় এত দিন বৃষ্টির সম্ভাবনা কমে গিয়েছিল।

তবে এবারের লঘুচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা জোরালো বলে জানিয়েছেন আবহাওয়াবিদ মো. ওমর ফারুক।

শুক্রবার (২৩ অক্টোবর) তিনি জানান, লঘুচাপটি গভীর নিম্নচাপ হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এবং এর সম্ভাব্য লক্ষ্যস্থল ভারতের অন্ধ্রপ্রদেশ বা তামিলনাড়ু উপকূল। ঘূর্ণিঝড়টি সৃষ্টি হলে এর নাম হবে ‘অর্ণব’। এটি আগামী সোমবার উপকূল অতিক্রম করতে পারে।

 

তিনি আরো জানান, বাংলাদেশে এই ঘূর্ণিঝড়ের সরাসরি বড় কোনো প্রভাব পড়ার আশঙ্কা নেই। তবে এর প্রভাবে দেশের দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকায় বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং মঙ্গলবারের দিকে রাজধানীতেও বৃষ্টির দেখা মিলতে পারে।

কমছে রাতের তাপমাত্রা, উত্তরের আমেজ

এদিকে বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য ক্রমেই বাড়ছে। দিনের বেলা গরম অনুভূত হলেও রাত ও ভোরের দিকে তাপমাত্রা বেশ কিছুটা কমে আসছে। বিশেষ করে দেশের উত্তরাঞ্চলে হালকা শীতের আমেজ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৮ ডিগ্রি সেলসিয়াস, অথচ একই দিন সেখানে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস।

অন্যদিকে ওই দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চট্টগ্রামের সন্দ্বীপে ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, যেখানে রাতের তাপমাত্রা ছিল ২২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।