সিল্কসিটিনিউজ ডেস্ক :
ফরিদপুরের ভাঙ্গায় ট্রাকের ধাক্কায় কামাল শেখ (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বুধবার (১১ মার্চ) সকালে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা পৌরসভার ধান গবেষণা কেন্দ্রের সামনের সার্ভিস লেনে এ দুর্ঘটনা ঘটে। তিনি ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী গ্রামের রাজ্জাক শেখের ছেলে।
নিহতের আত্মীয় জাহিদ সিকদার জানান, কামাল ভুসি মাল ও মৎস্য ব্যবসায়ের সঙ্গে যুক্ত ছিলেন।

মাত্র দুই দিন আগেই তিনি তার স্ত্রীকে নিয়ে ওমরাহ হজ পালন করে দেশে ফিরেছেন। আজ বুধবার সকালে মৎস্য ব্যবসায়ের কাজে ভাঙ্গা মাছের আড়তে নিজ মোটরসাইকেলযোগে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
ভাঙ্গা হাইওয়ে থানার ওসি হেলাল উদ্দিন জানান, আজ সকালে ভাঙ্গার ধান গবেষণা ইনস্টিটিউটের সামনে নিহত কামাল শেখের মোটরসাইকেলটি হাইওয়ে এক্সপ্রেসের সার্ভিস লেনের আন্ডারপাস অতিক্রম করতে গেলে দ্রুতগামী একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
খবর পেয়ে আমরা তার মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করি। পরবর্তী সময়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।










