সিল্কসিটিনিউজ ডেস্ক:
ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি মাঠের খেলায় সবাইকে মন্ত্রমুগ্ধ করে রাখলেও বাইরে তাকে নিয়ে শুরু হয়েছে বিতর্ক। আবারও ওই একই অভিযোগ, উদ্ধত আচরণ করেছেন কোহলি।
গত ৫ নভেম্বর জন্মদিন উপলক্ষে নিজের নামে অ্যাপ উন্মোচন করেন ভারতীয় ক্রিকেট দলের এই অধিনায়ক। অ্যাপটি উদ্বোধনের সময় সেখান থেকে কয়েকটি টুইট লাইভ ভিডিওতে পড়ে শোনান তিনি। সেসময় টুইট পোস্টে এক ক্রিকেট ভক্ত লেখেন, ওভাররেটেড ব্যাটসম্যান। ব্যক্তিগতভাবে তার ব্যাটিংয়ে আমি বিশেষ কিছু খুঁজে পাইনা। ভারতীয় ব্যাটসম্যানগুলোর চেয়ে বরং ইংলিশ ও অস্টেলিয়ানদের খেলাই বেশি উপভোগ করি।

এই টুইটের জবাবে কোহলি বলেন, ঠিক আছে, আমার মনে হয় না আপনার ভারতে থাকা উচিত। তাই না? কেনো নিজ দেশে থেকে অন্যদের খেলা ভালোবাসেন? আপনি আমাকে পছন্দ করেন না এতে আমার কোনো সমস্যা নেই। কিন্তু আমার মনে হয় না, আপনার এই দেশে থেকে এখানকার অন্যান্য জিনিস আদৌ পছন্দ করা উচিত। কিসে অগ্রাধিকার দেবেন তা আগে ঠিক করুন।
চাঁচাছোলা এই উত্তর দেওয়ায় ভিডিওটি ভাইরাল হয়ে যায়। এরপর থেকেই ভক্তদের তোপের মুখে পড়েন কোহলি। টুইটারে তার এক ভক্ত লেখেন, অনেকেই ভারতের চেয়ে অস্ট্রেলিয়ার খেলা বেশি পছন্দ করেন। তার মানে কি এই যে তাদেরকে দেশ ছাড়তে হবে?
আরেক টুইটার ব্যবহারকারী লিখেছেন, ধোনি বা শিখার ধাওয়ানকে এই প্রশ্ন করা হলে তারা মজার ছলে উত্তর দিতেন। কোহলি সেটা পারেননি।
২০১৩ সালে ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার অবসর নেওয়ার পর থেকেই তরুণদের কাছে আইকনে পরিণত হন কোহলি। তাই হয়তো সমালোচনা শুনে তিনি খুশি হতে পারেননি।









