স্বাস্থ্য

ব্রেইন অ্যানিউরিজম কী? জানুন কারণ, লক্ষণ ও প্রতিরোধের উপায়

নিউজ ডেস্ক২০ অক্টোবর ২০২৫২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ব্রেইন অ্যানিউরিজম হলো মস্তিষ্কের রক্তনালিতে একটি দুর্বল স্থান, যা ফুলে উঠে বেলুনের মতো আকার ধারণ করে। এই অবস্থাটি অনেক সময় কোনো উপসর্গ ছাড়াই শরীরে গড়ে ওঠে, তাই একে নীরব ঘাতক বলা হয়। তবে একবার যদি এটি ফেটে যায়, তাহলে পরিস্থিতি মারাত্মক হয়ে উঠতে পারে। ফেটে গেলে মস্তিষ্কে রক্তপাত শুরু হয়, যাকে চিকিৎসা ভাষায় সাবঅ্যারাকনয়েড হেমোরেজ বলা হয়।

কেন ব্রেইন অ্যানিউরিজম হয়?
যখন রক্তপ্রবাহের চাপ মস্তিষ্কের কোনো রক্তনালিতে বেড়ে যায়, তখন সেই নালির একটি অংশ দুর্বল হয়ে ফুলে যেতে পারে। সময়ের সাথে সাথে সেটি বড় হতে থাকে এবং একসময় ফেটে যেতে পারে। এই ফেটে যাওয়া অবস্থাই সবচেয়ে বিপজ্জনক।

ব্রেইন অ্যানিউরিজম হলে যেসব লক্ষণ দেখা দিতে পারে
বেশির ভাগ সময় এই রোগের প্রাথমিক পর্যায়ে কোনো লক্ষণ দেখা যায় না।

তবে যখন অ্যানিউরিজম ফেটে যায়, তখন হঠাৎ করে নিচের উপসর্গগুলো দেখা দিতে পারে :
খুব তীব্র মাথা ব্যথা (হঠাৎ শুরু হওয়া)
বমি বা বমি বমি ভাব
খিঁচুনি হওয়া
জ্ঞান হারানো
চোখে ঝাপসা দেখা
প্রতিরোধের উপায়
ব্রেন অ্যানিউরিজম পুরোপুরি প্রতিরোধ করা না গেলেও কিছু ঝুঁকির কারণ নিয়ন্ত্রণ করে এর সম্ভাবনা কমানো যায়। যেমন :
উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা
ধূমপান ও মদ্যপান এড়িয়ে চলা
স্বাস্থ্যকর জীবনযাপন মেনে চলা

চিকিৎসা কিভাবে হয়?
ব্রেইন অ্যানিউরিজম ধরা পড়লে প্রয়োজনীয় স্ক্যান করে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। চিকিৎসকরা অস্ত্রোপচারের মাধ্যমে রক্তপাত বন্ধ করেন এবং ক্ষতিগ্রস্ত রক্তনালিকে ঠিক করেন।

সূত্র : হিন্দুস্তান টাইমস