অর্থ ও বাণিজ্য

বেসরকারি বিনিয়োগ না বাড়লে উন্নয়ন ধরে রাখা কঠিন

নিউজ ডেস্ক৫ এপ্রিল ২০১৯৩ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান বলেছেন, দেশে বেসরকারি বিনিয়োগ বাড়ছে না। আর এই বিনিয়োগ না বাড়লে উন্নয়ন ধরে রাখা কঠিন।

রাজধানীর শিল্পকলা একাডেমিতে বৃহস্পতিবার শেয়ারবাজার মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। দীর্ঘমেয়াদি অর্থায়নের জন্য শিল্প উদ্যোক্তাদের শেয়ারবাজার থেকে পুঁজি সংগ্রহের আহ্বান জানান তিনি।

অর্থসূচক নামের একটি অনলাইন নিউজ পোর্টাল এই মেলার আয়োজন করে। প্রতিষ্ঠানটির সম্পাদক জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন, ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্রোকারেজ অ্যাসোসিয়েশনের সভাপতি শাকিল রিজভী, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি নাছির উদ্দিন চৌধুরী এবং ভেঞ্চার ক্যাপিটাল প্রাইভেট ইক্যুইটি অ্যাসোসিয়েশনের সভাপতি শামীম আহসান।

মসিউর রহমান বলেন, বেসরকারি খাতে বিনিয়োগের পরিমাণ বাড়ছে না। এই সেক্টরে বিনিয়োগের পরিমাণ এখন ফ্ল্যাট। এটি বাড়ানোর দরকার। না হলে উন্নয়ন ধরে রাখা কঠিন। তিনি বলেন, দেশের বিনিয়োগ ব্যবস্থা ব্যাংক ঋণের ওপর নির্ভরশীল। কিন্তু ব্যাংকের যে আমানত সংগ্রহ হয়, তার মাত্র একটি অংশ দীর্ঘমেয়াদি বিনিয়োগের জন্য ঋণ দেয়া হয়। এর ব্যতিক্রম হল পুঁজিবাজার। এখান থেকে দীর্ঘমেয়াদি বিনিয়োগের জন্য পুঁজির জোগান দেয়া সহজ। তিনি আরও বলেন, দেশে বিনিয়োগের অনেক সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনাকে কাজে লাগাতে শেয়ারবাজার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

দেশের বড় বড় কোম্পানি শেয়ারবাজারে আসছে না উল্লেখ করে ড. মসিউর রহমান বলেন, ওইসব কোম্পানিকে শেয়ারবাজারে আনার জন্য বিকল্প পদক্ষেপ গ্রহণ করা দরকার। তিনি বলেন, শেয়ারবাজারে বিনিয়োগকারীদের এককভাবে বিনিয়োগের পরিমাণ কম। তবে সবার একত্রে বিনিয়োগের পরিমাণ অনেক। এই বাজারের সুবিধা হল- বিনিয়োগকারীর দায় শেয়ার দ্ধারা সীমাবদ্ধ। আরেকটি অন্যতম সুবিধা হচ্ছে- সহজেই বিনিয়োগ এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে স্থানান্তর করা যায়।

খায়রুল হোসেন বলেন, শেয়ারবাজারের উন্নয়নে অর্থমন্ত্রী করের বিষয়ে প্রস্তাব চেয়েছেন। এই বাজারের গতি বাড়ানোর জন্য আগামী বাজেটে যেমন কর কাঠামো দরকার, তেমন করবেন বলে জানিয়েছেন। এছাড়া শেয়ারবাজারের উন্নয়নে যত ধরনের পদক্ষেপ নেয়া দরকার, তা অর্থমন্ত্রী করবেন বলে দুদিন আগে এক সংবাদ সম্মেলনে বলেছেন।

বিএসইসির চেয়ারম্যান বলেন, শেয়ারবাজারকে শক্তিশালী করার জন্য প্রণোদনা দেবেন বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোশাররফ হোসেন ভুইয়া। তিনি বলেন, বাজারে গুজব ছড়িয়েছে ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য করদাতা শনাক্তকরণ নম্বর (টিন) বাধ্যতামূলক করা হয়েছে। এটি সঠিক নয়। এ ধরনের কোনো সিদ্ধান্ত সরকার নেয়নি। এমনটি করার আগে কমিশনে মতামত নেবে। তাই বিষয়টি নিয়ে গুজব না ছড়ানোর জন্য শেয়ারবাজার সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানান তিনি। ড. এম খায়রুল হোসেন আরও বলেন, ২০১০-১১ সালের পরে শেয়ারবাজারের উন্নয়নে নানা ধরনের সংস্কার করা হয়েছে, যাতে বিগত ৮ বছরে শেয়ারবাজারে অস্থিতিশীলতা তৈরি হয়নি। স্বাভাবিক উত্থান-পতন হয়েছে। বাজার আগের চেয়ে এখন অনেক বেশি স্থিতিশীল।

তিনি বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের মাধ্যমে শেয়ারবাজার এখন সমৃদ্ধ ভিত্তির ওপরে দাঁড়িয়েছে, যেখানে বিনিয়োগকারীদের বিশ্বাসযোগ্যতা বেড়েছে। এ বাজারে বিনিয়োগকারীরা নিজেদের সিদ্ধান্তে লাভ-লোকসান করবে, তবে প্রতারিত হবে না। যা প্রতিরোধে কমিশন বিভিন্ন আইন-কানুন করেছে। শেয়ারবাজারের গভীরতা বাড়ানোর লক্ষ্যে কমিশন কাজ করছে বলে জানান বিএসইসি চেয়ারম্যান। এ লক্ষ্যে বন্ড মার্কেটকে সেকেন্ডারিতে আনার কাজ শুরু করা হয়েছে। এছাড়া বিভিন্ন ফিক্সড ইনকাম সিকিউরিটিজ শেয়ারবাজারে আনা হবে। আর আগামী বাজেটের আগেই স্মল ক্যাপিটাল মার্কেট উদ্বোধন করা হবে।

বিএসইসির চেয়ারম্যান বলেন, নির্বাচনী ইশতেহারে প্রধানমন্ত্রী শেয়ারবাজারে গভীরতা বাড়ানোর কথা বলেছেন। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী তৈরি করার কথা বলেছেন। কারণ এখন কানকথায়ও শেয়ারবাজারে পতন হয়। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী তৈরির মাধ্যমে তা রোধ হবে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বাজার সৃষ্টিকারীর ভূমিকার মাধ্যমে শেয়ারবাজারকে শক্তিশালী করবে।

অনুষ্ঠানে জানানো হয়, বিনিয়োগকারীদের মধ্যে সচেতনতা বাড়াতে এই মেলা। সেগুনবাগিচার শিল্পকলা একাডেমিতে তিনব্যাপী মেলায় শেয়ারবাজার সংশ্লিষ্ট সব ধরনের প্রতিষ্ঠান ও সংগঠন অংশ নিচ্ছে। মেলায় শেয়ারবাজারের বিভিন্ন টেকনিক্যাল বিষয় তুলে ধরতে সেমিনারের ব্যবস্থা রয়েছে। শনিবার মেলা শেষ হবে।