সিল্কসিটিনিউজ ডেস্ক :
গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৫ জন যাদের ৩ জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। আজ শনিবার বেলা ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাঝিগাতি বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা হাইওয়ে পুলিশের সার্জেন্ট মো. রাসেল মিয়া।
তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি। তবে তাদের বাড়ি মাদারীপুর জেলায় এবং মাঝিগাতিতে একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন বলে জানা গেছে।

ভাঙ্গা হাইওয়ে পুলিশের সার্জেন্ট মো. রাসেল মিয়া বলেন, ‘খুলনা থেকে ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো একজন মারা যান।
বাকিদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। গুরুতর আহত ৩ জনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’










