নিজস্ব প্রতিবেদক:
বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি এবং ৪ সহযোগীসহ নাটোরের শীর্ষ সন্ত্রাসী জেমসকে গ্রেফতার করেছে র্যাব র্যাব-৫, রাজশাহী এর সিপিসি-২, নাটোর ক্যাম্পের সদস্যরা। মঙ্গলবার দুপুর সোয়া দুইটার দিকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত জেমসের (২৯) অপর ৪ সহযোগী হলেন, রেজাউল করিম প্রিন্স (৩২), শাকিল হোসেন ওরফে সজিব (২৮), রবিউল শেখ (৩২) ও নাজমা বেগম (২৫)। তাদের সকলের বাড়ি নাটোর জেলার পশ্চিমা মল্লিকহাটি গ্রামে।

এসময় তাদের নিকট থেকে ৪টি বিদেশী পিস্তল, ২টি দেশীয় তৈরী ওয়ান শুটারগান, ৯টি ম্যাগাজিন, ১৬ রাউন্ড গুলি এবং ৭টি মোবাইল সেট উদ্ধার করা হয়েছে।
ঘটনার বিবরণে র্যাব জানায়, র্যাব-৫, রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, নাটোর জেলার সদর থানাধীন মল্লিকহাটি এলাকায় নাটোরের শীর্ষ সন্ত্রাসী জেমস, প্রিন্স, সজিবসহ কতিপয় সন্ত্রাসী অস্ত্র বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর এ এম আশরাফুল ইসলাম এর নেতৃত্বে একটি অপারেশন দল মল্লিকহাটি ঘোষপাড়া মোড়স্থ রনির চায়ের দোকানে অভিযান চালিয়ে জেমস, প্রিন্স ও সজিবকে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে তাদের স্বীকারোক্তি অনুযায়ী মল্লিকহাটি (পশ্চিমপাড়া) এলাকায় রবিউল শেখের বাড়িতে অভিযান চালিয়ে ৭.৬৫ মিঃমিঃ বিদেশী পিস্তল-০৪ টি, দেশীয় তৈরী ওয়ান শুটারগান-০২ টি, ম্যাগাজিন-০৯ টি, গুলি-১৬ রাউন্ড এবং মোবাইল সেট-০৭ টি উদ্ধার করা হয়।
উল্লেখ্য যে, গ্রেফতারকৃত শীর্ষ সন্ত্রাসী মোঃ জেমসের বিরুদ্ধে চাঁদাবাজি, অপহরণ ও হত্যা চেষ্টাসহ মোট ৯ টি মামলা রয়েছে। এছাড়াও সজিবের বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যকলাপসহ মোট ১১ টি এবং প্রিন্সের বিরুদ্ধে চাঁদাবাজি ও হত্যাচেষ্টাসহ মোট ৬ টি মামলা রয়েছে।
স/আর









