জাতীয়

বিদ্যুৎকেন্দ্রে ব্যবহৃত ফার্নেস অয়েলের দাম কমলো

নিউজ ডেস্ক৩০ জুলাই ২০২৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

দেশে বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত ফার্নেস তেলের দাম লিটারে প্রায় ৯ টাকা কমানো হয়েছে। এতে তেলচালিত বিদ্যুৎ উৎপাদন খরচ কিছুটা কমবে।

প্রতি লিটার ফার্নেস অয়েলের দাম ১০৯ টাকা ১০ পয়সা থেকে কমিয়ে ১০০ টাকা ৩৯ পয়সা নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত ১২টার পর থেকে নতুন দর কার্যকর হবে বলে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) আদেশে বলা হয়েছে। বছরে প্রায় ২০ লাখ টন ফার্নেস অয়েল ব্যবহৃত হয় বিদ্যুৎ উৎপাদনে।

এর আগে সর্বশেষ ৩০ জুন ফার্নেস অয়েলের দাম সমন্বয় করা হয়।

তখন প্রতি লিটারের দাম ১১৩.৫৪ টাকা থেকে কমিয়ে ১০৯.১০ টাকা নির্ধারণ করা হয়। তার আগের মাসে লিটারপ্রতি দাম বেড়েছিল ২৪ টাকা ৫৯ পয়সা।
উল্লেখ্য, আগে ফার্নেস তেলের দাম বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) নির্ধারণ করত। তবে অন্তবর্তী সরকার সেই ক্ষমতা বিইআরসির হাতে দেওয়ার পর গত ফেব্রুয়ারিতে প্রথমবারের মতো সংস্থাটি ফার্নেস তেলের দাম ঘোষণা করে।

এরপর থেকে প্রতিমাসে দাম সমন্বয় করছে বিইআরসি। বিপিসির অধীন থাকা তেল বিপণন করা সরকারি চার কম্পানি—পদ্মা, মেঘনা, যযুনা ও স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল নতুন দামে ফার্নেস তেল বিক্রি করবে। এই তেলের প্রধান ক্রেতা সরকারি বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থা বিপিডিবি।