সিল্কসিটিনিউজ ডেস্ক:
বেসরকারি বীমা কোম্পানি বায়রা লাইফ ইন্স্যুরেন্সকে ৪ কোটি ৪৮ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। বীমা আইন লঙ্ঘনের দায়ে এ জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তিতে নিয়ন্ত্রক সংস্থাটি এ তথ্য জানিয়েছে। দেশের বীমা খাতের ইতিহাসে সবচেয়ে বড় জরিমানা এটি। আইডিআরের সদস্য গকুল চাঁদ দাস যুগান্তরকে বলেন, বৃহস্পতিবারে কর্তৃপক্ষের মিটিংয়ে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। শিগগিরই কোম্পানিটিকে চিঠি দেয়া হবে। আইডিআরএ পরিচালক কামরুল হক মারুফ স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বায়রা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত বীমা আইন ২০১০-এর ৩০ ধারা অনুসারে প্রতি বছর কোম্পানির দায় মূল্যায়ন করেনি।

এছাড়াও একই আইনের ৩২ ধারা মোতাবেক দায় মূল্যায়নের প্রতিবেদন কর্তৃপক্ষ বরাবর দাখিলও করেনি। এ কারণে বীমা আইন ২০১০-এর ১৩০ ধারা মোতাবেক প্রতি বছরের জন্য আইন লঙ্ঘনের দায়ে ৫ লাখ টাকা করে ৩৫ লাখ টাকা এবং বিগত ৭ বছর ধরে আইন লঙ্ঘন অব্যাহত থাকায় প্রতিদিন ৫ হাজার টাকা হিসাবে ১ অক্টোবর ২০১২ থেকে ১২ ডিসেম্বর ২০১৮ পর্যন্ত ৪ কোটি ১৩ লাখ ৭০ হাজার টাকাসহ মোট ৪ কোটি ৪৮ লাখ ৭০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়েছে।









