সিল্কসিটিনিউজ ডেস্ক :
শেরপুরের নকলায় বাবার বাড়িতে বেড়াতে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিপা বেগম (৩৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের চরবাছুর আলগী নামাপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, নিপা কয়েকদিন আগে তার ২ সন্তান ও স্বামীসহ বাবার বাড়িতে বেড়াতে আসেন। সোমবার বিকেলে পানির মটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।

পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নকলা সরকারি হাজী জাল মামুদ ডিগ্রি কলেজের প্রভাষক আব্দুল্লা ইবনে ফজল বলেন, ‘নিহত নিপা সম্পর্কে আমার আমার চাচাতো বোন হয়। কিছুদিন আগে একটি দুর্ঘটনায় তার স্বামী উজ্জ্বল মিয়ার পা ভেঙে যায়। আজ বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যু হলো।
বিষয়টি খুবই মর্মাহত।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।’










