নিজস্ব প্রতিবেদক:
আজ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। আজ বাঙালি জাতির সবচেয়ে গৌরবোজ্জ্বল অর্জনের স্মৃতিবিজড়িত দিন। সারা দেশে এ দিনটি বিপুল উৎসাহ-উদ্দীপনা নিয়ে উদ্যাপন করা হচ্ছে। এ বিজয়োৎসব উপলক্ষে রাজশাহী মহানগরীতে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দিনটির প্রথম প্রহরে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। নগরীর শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়া্ও বিভিন্ন এলাকা সাজানোসহ আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।


এ বিজয়োৎসব উপলক্ষে রাজশাহীর বিভিন্ন শহীদ মিনারে শহীদদের প্রতি ফুলদিয়ে শ্রদ্ধা জানানো হয়। এছাড়া রাজশাহী মুক্তিযুদ্ধ জেলা স্টেডিয়ামে মহান বিজয় দিবস উপলক্ষে কুচকায়াজ ও ডিসপ্লে করা হয়। এতে রাজশাহী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এ ছাড়াও রাজশাহী পুলিশ, আনসার ফায়ার সার্ভিস ও বিএনসিসির সদস্যরা উপস্থিত থেকে এ অনুষ্ঠানে বিভিন্ন পরিবেশনায় সাফল্যমণ্ডিত করেন।

রাজশাহী মুক্তিযুদ্ধা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠানে রাজশাহী জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় কমিশনার আবদুল হান্নান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম বিপিএম।
এর আগে দেশের স্বাধীনতার জন্য যে অকুতোভয় বীর সন্তানেরা জীবন উৎসর্গ করেছেন, কৃতজ্ঞ জাতি গভীর বেদনা ও পরম শ্রদ্ধায় সেই মৃত্যুঞ্জয়ী বীর সন্তানদের স্মরণ করছে। মহান বিজয় দিবসের প্রথম গ্রহরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার, ভূবন মোহন পার্কের শহীদ মিনার, রাজশাহী কোর্ট শহীদ মিনার, রাজশাহী কলেজ শহীদ মিনারসহ বিভিন্ন শহীদ মিনারে শ্রদ্ধা জানানো হয়।

বিজয় দিবস উপলক্ষে রাজশাহী বর্ণিল সাজে সেজেছে। চারদিক ছেয়ে গেছে লাল-সবুজের পতাকায়। পোশাক পরিচ্ছদেও আছে দেশপ্রেমের ছোঁয়া। পাড়া-মহল্লায় বাজছে দেশাত্মবোধক গান। সব শ্রেণি-পেশার মানুষ অংশ নিচ্ছেন বিজয় উৎসবে। আজ সরকারি ছুটির দিন। বিজয় দিবস উপলক্ষে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে।

দেশের বীর সন্তানেরা বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে হানাদারদের বিরুদ্ধে প্রবল প্রতিরোধ সংগ্রামে আত্মনিবেদন করেন। দীর্ঘ ৯ মাস সংগ্রামের পর ৩০ লাখ শহীদের আত্মত্যাগ, ২ লাখ মা-বোনের সম্ভ্রম ও সহায়-সম্পদের বিপুল ক্ষয়ক্ষতির ভেতর দিয়ে মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করে বাঙালি। আজ বিজয়ের ৪৫ বছর আগে ১৯৭১ সালের এই দিনে রমনা রেসকোর্স ময়দানে আত্মসমর্পণ করেছিল হানাদার পাকিস্তানি বাহিনী। পৃথিবীর মানচিত্রে অভ্যুদয় ঘটে স্বাধীন বাংলাদেশের। লাল-সবুজ পতাকা ঊর্ধ্বে তুলে ধরে বিজয়ী বাঙালিরা। সেই পতাকা উঁচিয়ে চলছে প্রগতির পথে বাঙালির অভিযাত্রা।
স/আ









